সিলেটটুডে ডেস্ক

১৫ ফেব্রুয়ারি , ২০১৭ ২০:৫২

বিশ্বব্যাংকের কাছে এক বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি ১৪ দলের

পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির অভিযোগ এনে সেতুটির কাজ বাধাগ্রস্ত করায় বিশ্বব্যাংকের কাছে এক বিলিয়ন (১০০ কোটি) মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করেছে ১৪ দল।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ দাবি জানান ১৪ দলের মুখপাত্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

মোহাম্মদ নাসিম বলেন, "এই যে কয়েক বছর পদ্মা সেতুর কাজ বন্ধ হয়ে ছিল, বিলম্বিত হলো, এই জন্য আমরা বিশ্বব্যাংকের কাছে ক্ষতিপূরণ দাবি করি। আমরা বিশ্বব্যাংককে অনুরোধ করব সেই এক বিলিয়ন ডলার আমাদের ক্ষতিপূরণ দিতে হবে।"

তিনি বলেন, "যারা নাটের গুরু, এর অন্যতম হলো ড. ইউনূস। সংসদীয় স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে এই সমস্ত লোকদের ডাকতে হবে পার্লামেন্টে, বিশেষ করে ড. ইউনূসকে। খালেদা জিয়াসহ যাঁরা এই ধরনের উক্তি করেছেন, মিথ্যাচার করেছেন তাঁদেরকেও পার্লামেন্টে হাজির করতে হবে।"

স্বাস্থ্যমন্ত্রী বলেন, "অভিযোগ ওঠার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন পদ্মা সেতুর কাজে তিল পরিমাণ দুর্নীতি নেই। তারপরও এই ইউনূসরা প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় তথা বাংলাদেশকে হেয় করেছেন। তাই ১৪ দল মনে করে এই ষড়যন্ত্রকারীরা ছাড়া পেতে পারেন না। তাদের জনগণের সামনে এনে দাঁড় করাতে হবে।"

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের নেতা দিলীপ বড়ুয়াসহ ১৪ দলের প্রতিনিধিরা।

আপনার মন্তব্য

আলোচিত