সিলেটটুডে ডেস্ক

১৬ ফেব্রুয়ারি , ২০১৭ ১৪:৩৭

কথাসাহিত্যিক শওকত আলী অসুস্থ, হাসপাতালে ভর্তি

কথাসাহিত্যিক শওকত আলী অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার গভীর রাতে প্রবীণ সাহিত্যিক শওকত আলী বুকের ব্যথায় আক্রান্ত হন। এরপর অবস্থার কোনো উন্নতি না হওয়ায় বুধবার ভোরে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেয়া হয়।

বর্তমানে এই কথাশিল্পীকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ৪৮ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, শওকত আলীর হৃদযন্ত্র ও কিডনির সমস্যাজনিত রোগে ভুগছেন। এছাড়াও তাঁর ফুসফুসেও পানি জমেছে।

দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন তিনি। গত ১২ ফেব্রুয়ারি ৮২তম জন্মদিন পালিত হয় এই কথাশিল্পীর।

ভারতের পশ্চিমবঙ্গে ১৯৩৬ সালে জন্মগ্রহণ করেন শওকত আলী। তাঁর অন্যতম বিখ্যাত উপন্যাস প্রদোষে প্রাকৃতজন।

কলেজজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। কমিউনিস্ট পার্টি করতেন এবং বিভিন্ন মিছিল, আন্দোলনে তিনি থাকতেন। ফলে ১৯৫৪ সালে ব্যপক ধরপাকড় শুরু হলে তিনি এই বছর এপ্রিলে ধরা পড়ে জেলে যান ও ডিসেম্বরের মাঝামাঝিতে তিনি ছাড়া পান। জেল থেকে বের হওয়ার পর ১৯৫৫ সালে বি.এ পরীক্ষা দিয়ে পাস করেন। তিনি এরপর ঢাকায় এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলায় এম. এ তে ভর্তি হন ও ১৯৫৮ সালে পাস করেন।

১৯৫৫ সালে বিভিন্ন পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হতে শুরু করে। দৈনিক মিল্লাতে একটা চাকরির জন্য তিনি সম্পাদকের সাথে দেখা করতে গেলে পত্রিকার সম্পাদক জানান তিনি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়া তাঁর লেখা পড়েছেন এবং পছন্দ হয়েছে। ফলে ১৯৫৫ সালে তিনি দৈনিক মিল্লাতে চাকরি পেলেন নিউজ ডেস্কে।

১৯৬২ সালে জগন্নাথ কলেজে লেকচারার হিসেবে যোগ দেন। ১৯৬২ থেকে ১৯৮৭ সালে পর্যন্ত জগন্নাথ কলেজে চাকরি করেন তিনি।

১৯৮৮ সালে জেলা গেজেটিয়ারের ঢাকার হেড অফিসে এ্যাসিসটেন্ট ডিরেক্টর হিসেবে যোগ দেন। অফিসটি এখন উঠে গেছে। ব্রিটিশ আমলে এই অফিসটি তৈরি হয়েছিল। ১৯৮৯ সালে তাকে সরকারি সঙ্গীত কলেজের অধ্যক্ষ করা হয়। এরপর ১৯৯৩ সালে তিনি অবসর গ্রহণ করেন।

তাঁর দক্ষিণায়নের দিন, কুলায় কালস্রোত এবং পূর্বরাত্রি পূর্বদিন যেগুলোকে ত্রয়ী উপন্যাস বলা হয়, যার জন্য তিনি ফিলিপস সাহিত্য পুরস্কার (১৯৮৬) পান। পিঙ্গল আকাশ, প্রদোষে প্রাকৃতজন, উত্তরের খেপ, দক্ষিণায়নের দিন, কুলায় কালস্রোত, পূর্বরাত্রি পূর্বদিন, কোথায় আমার ঘরবাড়ি প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য কয়েকটি উপন্যাস।

আপনার মন্তব্য

আলোচিত