সিলেটটুডে ডেস্ক

১৮ ফেব্রুয়ারি , ২০১৭ ১৬:৫১

শিক্ষার মানোন্নয়নই এখন বড় চ্যালেঞ্জ : শিক্ষামন্ত্রী

ফাইল ছবি

শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশে শিক্ষার প্রসার ঘটলেও শিক্ষার মানোন্নয়নই এখন বড় চ্যালেঞ্জ। মানসম্মত শিক্ষা উন্নয়নে শিক্ষকদের প্রধান ভূমিকা রাখতে হবে। কেননা, আমাদের নতুন প্রজন্ম ও ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। আমরা যদি তা না করতে পারি তাহলে সেটাই হবে আমাদের ব্যর্থতা।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের বিশেষ ভূমিকা রাখার আহবান জানিয়ে এসময় শিক্ষামন্ত্রী বলেন, দেশের সব ছাত্র-ছাত্রীদের উপযুক্ত মানুষ হিসাবে গড়ে তুলতে হলে শিক্ষকদের এগিয়ে আসতে হবে। আর সবাইকে সুশিক্ষিত হিসাবে গড়তে পারলে দেশ এগিয়ে যাবে।

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আসাদুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্টানে বক্তব্য রাখেন, সমিতির প্রধান উপদেষ্টা কাজী ফারুক আহমেদ, বাকশিসর সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূরুন নবী সিদ্দিকী, জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব অধ্যক্ষ ফয়েজ হোসেন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত