১৯ ফেব্রুয়ারি , ২০১৭ ২০:০৫
রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে কমিটির উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশে বক্তারা আগামী ২৫ ফেব্রুয়ারি দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন।
২৫ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত ঢাকাসহ দেশব্যাপী রাজপথে গণঅবস্থানেরও ডাক দেন তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতারা।
জাতীয় কমিটির ঢাকা মহানগর সমন্বয়কারী জুলফিকার আলীর সভাপতিত্বে ও আকবর খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ, খান আসাদুজ্জামান মাসুম, অনুপ কুন্ড, সাইফুল জামান সাকন, গোলাম মোস্তফা, সুজন বিশ্বাস প্রমুখ।
সমাবেশে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, প্রধানমন্ত্রী জার্মানির মিউনিখে যথার্থই বলেছেন, এসডিজি লক্ষ্যমাত্রা পূরণ করতে জলবায়ু পরিবর্তনের বিষয়টি অবশ্যই বিবেচনা করতে হবে। আমরা তাই বলি, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় বাংলাদেশের সবচাইতে বড় অবলম্বন সুন্দরবন। ৫ কোটি মানুষের জীবন রক্ষা করে সুন্দরবন, বাংলাদেশকে রক্ষা করে এই সুন্দরবন। রামপাল বিদ্যুৎ কেন্দ্রসহ সুন্দরবন বিনাশী সব বাণিজ্যিক তৎপরতা তাই বাংলাদেশকে অরক্ষিত করবে। দমন পীড়ন, ভয়ভীতি ও মিথ্যাচার করে বাংলাদেশ ধ্বংসী এই প্রকল্প বাস্তবায়ন করা যাবে না।
সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, বিদ্যুৎ উৎপাদনের আরো পথ আছে। কিন্তু সুন্দরবন ধ্বংস হলে তা ফিরে পাবার আর পথ নেই। রামপাল বিদ্যুৎ প্রকল্পসহ সুন্দরবনবিনাশী সকল অপতৎপরতা বন্ধ ও বিদ্যুৎ সঙ্কটের সমাধানে জাতীয় কমিটির ৭ দফা বাস্তবায়নের দাবিতে ও সুন্দরবনকে বাঁচাতে জাতীয় ঐক্য গড়ে তুলুন।
আপনার মন্তব্য