সিলেটটুডে ডেস্ক

২০ ফেব্রুয়ারি , ২০১৭ ০৩:৩৫

প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন

৫৩তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন উপলক্ষে জার্মানিতে তিন দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রবিবার রাত ৮টায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

নিরাপত্তা সম্মেলনে অংশ নিয়ে এবং জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে মিউনিখ সময় শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত পৌনে ৩টা) মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। পথে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে প্রায় ছয় ঘণ্টা যাত্রাবিরতি করেন তিনি।

বর্তমান বিশ্বে নিরাপত্তা আলোচনার সেরা ‘থিংকট্যাংক কনফারেন্স’ হিসেবে বিবেচিত মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে গত শুক্রবার ভোরে মিউনিখে পৌঁছেন শেখ হাসিনা। ওই দিন বিকেলে নিরাপত্তা সম্মেলনের ৫৩তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি।

বিভিন্ন দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানসহ ৪৫০ জন প্রতিনিধি এ সম্মেলনে অংশ নেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও নরওয়ের প্রধানমন্ত্রী, পোল্যান্ড ও আফগানিস্তানের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস এবং রাশিয়া, চীন, যুক্তরাজ্য, সৌদি আরব ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে উপস্থিত ছিলেন।

এবারই প্রথম বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকারপ্রধান হিসেবে শেখ হাসিনা এ সম্মেলনে যোগ দিলেন। শনিবার তিনি জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এদিন সম্মেলনের একটি প্যানেল আলোচনায়ও অংশ নেন তিনি। সফরের প্রথম দিন জার্মান আওয়ামী লীগ আয়োজিত ইউরোপ প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা।

এই সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, পররাষ্ট্র সচিব শহীদুল হক, স্বরাষ্ট্রসচিব কামালউদ্দিন আহমেদ ও প্রেসসচিব ইহসানুল করিম ছিলেন। সূত্র : বাসস।

আপনার মন্তব্য

আলোচিত