সিলেটটুডে ডেস্ক

২২ ফেব্রুয়ারি , ২০১৭ ২৩:৪৪

আবারও শাপলা চত্বরের মতো ঘটনা ঘটানোর হুমকি হেফাজতের

জুনাইদ বাবুনগরী (ফাইল ছবি)

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের ভাস্কর্য না সরালে আবারও শাপলা চত্বরের মতো ঘটনা ঘটানোর হুমকি দিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব জুনাইদ বাবুনগরী।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দাওয়াতুল হক পরিষদ নামে একটি সংগঠন এক ওয়াজ মাহফিলে এই হুমকি দেন তিনি।

জুনাইদ বাবুনগরী বলেন, "৯০ শতাংশ মুসলমানের দেশ বাংলাদেশে সুপ্রিম কোর্টের সামনে গ্রিক দেবীর মূর্তি বসানো হয়েছে। এ মূর্তিকে ন্যায়বিচারের প্রতীক বলা হচ্ছে। মূর্তি কোনোভাবেই ন্যায়বিচারের প্রতীক হতে পারে না, পবিত্র কোরআনই ন্যায় বিচারের প্রতীক।"

তিনি বলেন, "যদি ওই মূর্তি সরানো না হয়, তাহলে দেশের ১৬ কোটি তৌহিদি জনতাকে নিয়ে আরেকবার শাপলা চত্বরের সূচনা করা হবে।"

নিজেদের অবস্থান সরকারের বিরুদ্ধে নয় জানিয়ে বাবুনগরী বলেন, "আমরা নাস্তিকদের বিরুদ্ধে। যারা বিশ্বনবীকে কটাক্ষ করে কথা বলে সে সব নাস্তিকদের মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে বিল পাশ করতে হবে।"

উল্লেখ্য, রোমান যুগের ন‌্যায়বিচারের প্রতীক ‘লেডি জাস্টিস’ এর আদলে একটি ভাস্কর্য সম্প্রতি বাংলাদেশের সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপন করা হয়, যার বিরোধিতা করছে হেফাজতসহ ইসলামী দলগুলো।

এর আগে ২০১৩ সালে ৫ মে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ আন্দোলনের বিরোধিতা করে ঢাকা অবরোধ কর্মসূচি ডেকে মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নিয়ে ব্যাপক তাণ্ডব চালিয়েছিল হেফাজতে ইসলাম। পরে রাতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে তাদের উৎখাত করা হয়। শাহবাগ আন্দোলন শুরুর পর ব্লগারদের নাস্তিক আখ‌্যায়িত করে তাদের মৃত্যুদণ্ডের বিধান রেখে আইনের দাবি করেছিল হেফাজত।

আপনার মন্তব্য

আলোচিত