২৫ ফেব্রুয়ারি , ২০১৭ ১২:২২
বাংলাদেশের সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপিত ভাস্কর্যের বিরুদ্ধে হেফাজতে ইসলামের হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি'র ঘোষণা দিয়েছে ফেসবুকের গ্রুপ 'কে ফোর্স'।
আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, রোমান যুগের ন্যায়বিচারের প্রতীক ‘লেডি জাস্টিস’ এর আদলে একটি ভাস্কর্য সম্প্রতি বাংলাদেশের সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপন করা হয়, যার বিরোধিতা করছে হেফাজতসহ ইসলামী দলগুলো। তারা এই ভাস্কর্যকে 'মূর্তি' আখ্যায়িত করে এটি দ্রুত অপসারণের জন্য সুপ্রিম কোর্টে স্মারকলিপি দিয়েছে। গত ২২ ফেব্রুয়ারি এক ওয়াজ মাহফিলে দেয়া নিজের বক্তব্যে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের ভাস্কর্য না সরালে আবারও শাপলা চত্বরের মতো ঘটনা ঘটানোর হুমকি দিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব জুনাইদ বাবুনগরী।
এর আগে ২০১৩ সালের ৫ মে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ আন্দোলনের বিরোধিতা করে ঢাকা অবরোধ কর্মসূচি ডেকে মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নিয়ে ব্যাপক তাণ্ডব চালিয়েছিল হেফাজতে ইসলাম। পরে রাতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে তাদের উৎখাত করা হয়।
আপনার মন্তব্য