০৬ মার্চ, ২০১৭ ০০:৫৩
ড. মোহাম্মদ ইউনূসের প্রশাংসা করায় এবার জাতীয় সংসদে সমালোচনার মুখে পড়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পাশাপাশি কেন তাকে প্রশংসা করা হলো তার ব্যাখ্যাও চাওয়া হয়েছে।
রোববার বিকেলে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত দেওয়া ধন্যবাদ বক্তব্যে এই সমালোচনা করেছেন রাজশাহী থেকে নির্বাচিত বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাহ। এ সময় অর্থমন্ত্রী সংসদে উপস্থিত ছিলেন।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বাদশা বলেন, আমাদের অর্থমন্ত্রী কেন প্রফেসর ইউনূসের প্রশংসা করলেন তা বুঝতে পারছি না। তিনি (ইউনূস) মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন কি না তা আমার জানা নেই। কারণ তাকে কোনো দিন শহীদ মিনারে যেতে দেখি না। তাই আমরা তাকে সন্মান জানাতে যাব না, প্রশংসাও করতে যাব না।
তিনি বলেন, এই সংসদে আমরা অনেকবার ইউনূসের সমালোচনা করেছি। কিন্তু হঠাৎ করে অর্থমন্ত্রী কেন ফজলে হাসান আবেদ ও ড. ইউনূসের প্রশংসা করলেন। এই ইউনূসের কারণে পদ্মাসেতুর কাজ আটকে গিয়েছিল। কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি নিজের অর্থায়নে পদ্মা সেতু করতে পারি আমরা।
তিনি বলেন, অর্থমন্ত্রী বলেছিলেন বিশ্বব্যাংক সবসময় শর্তহীন ঋণ দেয়। এটি ঠিক নয়। বিশ্বব্যাংক বাংলাদেশে দুর্নীতিতে ফার্স্ট হয়েছে। এজন্য তাদের অভিনন্দন জানানো উচিত।
গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) এক অনুষ্ঠানে দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ঋণের প্রশংসা বলেছিলেন, একসময় এদেশে ৭০ শতাংশ মানুষ দরিদ্র ছিল। সেখান থেকে এখন ২২ শতাংশে নেমে এসেছে। গ্রামীণ ব্যাংক এ ভূমিকাটি সাফল্যের সঙ্গে পালন করেছে।
ড. ইউনূসের প্রশংসা করায় শনিবা এক অনুষ্ঠান প্রধানমন্ত্রীও অর্থমন্ত্রীর সমালোচনা করেন।
আপনার মন্তব্য