০৯ মার্চ, ২০১৭ ০২:০৭
খাদিজা হত্যাচেষ্টা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নারী সংসদ সদস্যরা। বুধবার সংসদে নারী দিবসে সংসদের অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে নারী সংসদ সদস্যরা এ রায়কে নারীদের অগ্রযাত্রায় ইতিবাচক বলে উল্লেখ করেছেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে নারী দিবসের পয়েন্ট অর্ডারে ফ্লোর নিয়ে তারা এ কথা বলেন। প্রথমে ফ্লোর নেন সরকারি দলের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। খাদিজা আক্তার নার্গিস হত্যাচেষ্টাকারী বদরুলের যাবজ্জীবন কারাদণ্ড হওয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, বিশ্ব নারী দিবসে আদালতের এ রায় নারীদের সুরক্ষায় তাত্পর্যপূর্ণ ভূমিকা রাখবে। পরে ফজিলাতুন নেসা বাপ্পী এর সঙ্গে সহমত জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারী জাগরণে বাংলাদেশ এখন বিশ্বে উদাহরণ সৃষ্টি করেছে। নারীর উন্নয়ন ছাড়া সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই বাংলাদেশে জেন্ডার বাজেট দেয়া হয়।
সংসদ অধিবেশন শেষে ফেসবুকে কেয়া চৌধুরী লিখেন- সিলেটে'র খাদিজাকে নিয়ে,আজ মহান সংসদে ৩০১ বিধিতে কথা বলেছি....
'আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে' আলোচনা'য়; খাদিজাকে হত্যাচেষ্টা কারী বদরুলের বিরুদ্ধে আদালতের রায়ে যাবজ্জীবন কারাদন্ড দেওয়ায়, সন্তুষ্টি প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছি জননেত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারকে। খাদিজার হত্যা চেষ্টা'র মামলাটিতে এত দ্রুত সময়ের মধ্যে ন্যায়বিচার সম্পন্ন করার জন্য।
আরো বলেছি, আমি মনে করি, আজ "আন্তর্জাতিক নারী দিবসে", সিলেট মহানগর দায়রা জজ আদালত হতে খাদিজার হত্যাচেষ্টা'র এই রায় প্রতিটি নারীকে সুরক্ষায় ভূমিকা রেখে, অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাড়াঁবার সাহস জোগাবে। আর এভাবে দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যাবে, আমাদের নারী সমাজ।
উল্লেখ্য, বুধবার কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিস হত্যা চেষ্টা মামলার রায়ে বদরুল আলমকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন সিলেটের মহানগর দায় জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা।
আপনার মন্তব্য