সিলেটটুডে ডেস্ক

০৯ মার্চ, ২০১৭ ১৬:৪২

পাটের শাড়ি পরে পাট দিবসের অনুষ্ঠানে এলেন প্রধানমন্ত্রী

ছবিঃ পিআইডি

জাতীয় পাট দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পাটের শাড়ি পরে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাটের তৈরি পণ্য ব্যবহারে সবাইকে উৎসাহিত করতেই পাটের শাড়ি পরে অনুষ্ঠানে আসেন তিনি।

বৃহস্পতিবার (৯ মার্চ) রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে বহুমুখী পাটপণ্য উৎপাদনের পাশাপাশি পাট চাষ, সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিয়েছেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, পাটের বহুমুখী ব্যবহার হচ্ছে। যে শাড়িটা পরে এসেছি, এটা পাটের তৈরি, যে ব্যাগটা ব্যবহার করছি, সেটাও পাটের তৈরি। বিভিন্ন উদ্যোগের মাধ্যমে পাটের বহুমুখীকরণ করে যাচ্ছি।

তিনি বলেন, পাট উৎপাদন থেকে শুরু করে পাট সংগ্রহ, সংরক্ষণ সব কিছুতে আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। পাট চাষিরা যাতে একটু আরামে কাজ করতে পারে সেজন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।

নিজের বক্তব্যে পাট থেকে উন্নত তন্তু, পলিথিনের মতো হালকা উন্নতমানের পাটের ব্যাগ, ‍ওষুধি গুণ সম্পন্ন চায়ের মতো পাট পাতার পানীয়, পাটের বস্ত্র, ব্যাগ, নিত্য ব্যবহার্য্য বিভিন্ন পণ্য সামগ্রী ব্যবহারে সুবিধা ও গুরুত্বের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম প্রমুখ।

প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি পাটের পোশাক ও পাটের ব্যাগ পরিধান করে তরুণ-তরুণীরা দৃষ্টিনন্দন ফ্যাশন শোতে অংশ নেন।

৬ মার্চ জাতীয় পাট দিবস। 'সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ' এ স্লোগানে প্রথমবারের মতো সারাদেশে জাতীয় পাট দিবস পালন করছে সরকার। এ দিবস ‍উপলক্ষে ৮ দিনের কর্মসূচি পালন করছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার কৃষিবিদ ইনিস্টিটিউটে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও পাট পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজন করা হয়। মেলা ১১ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত