নিজস্ব প্রতিবেদক

১২ মার্চ, ২০১৭ ২২:৩৯

পাঠ্যপুস্তকের পরিবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভুমিকায় অধ্যাপক আনোয়ার হোসেনের ক্ষোভ

‘পর্যবেক্ষণ’-এর প্রকাশনা উৎসব

হেফাজতে ইসলামের হুমকির মুখে পাঠ্যপুস্তকে যে পরিবর্তন এসেছে তার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ছাত্র, বিজ্ঞজন এবং অধ্যাপকদের কোনও ভূমিকা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বীর মুক্তিযোদ্ধা ড. মো. আনোয়ার হোসেন।

তিনি আক্ষেপ করে বলেন, ‘আমি শিক্ষক সমিতিকে বলার পর শুধুমাত্র একটা বিবৃতি দিয়েছেন, আর কিছু নয়’।

বুকল্যান্ড পাবলিকেশন্সের বিজ্ঞান বিষয়ক প্রকাশনা ‘পর্যবেক্ষণ’-এর প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সমাজের অন্ধকার দূর করার জন্য লেখার মধ্য দিয়ে বিজ্ঞানকে আমাদের চারপাশে ছড়িয়ে দিতে হবে যা আমাদের আলোকিত করবে।’

শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় ঢাকার শাহবাগস্থ বাংলাদেশ চলচ্চিত্র কেন্দ্রে ‘পর্যবেক্ষণ’-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

প্রকাশনা উৎসবে বিশেষ অতিথি অঞ্জন রায় বলেন, ‘বিজ্ঞান বিষয়ে ইংরেজি লেখা পড়ে আমারও বিভিন্ন পরিভাষা বুঝতে সমস্যায় পড়তে হয়, তাই ‘পর্যবেক্ষণ’-এর মাতৃভাষায় বিজ্ঞান চর্চার সুযোগ করে দেয়ার উদ্যোগটি প্রশংসার দাবি রাখে।’

তিনি বলেন, 'সহজে অনুধাবন করতে মাতৃভাষায় বিজ্ঞান চর্চার গুরুত্ব অপরিসীম'।

প্রকাশনা উৎসবে আরও বক্তব্য রাখেন ‘পর্যবেক্ষণ’-এর প্রকাশক রাকিবুল হাসান, সম্পাদক রঞ্জন বর্মণ, উপদেষ্টা সৈয়দ জামাল, সহ সম্পাদক সুমিত রায় এবং বিজ্ঞান লেখক স্বাগতা দাস গুপ্তা রশ্নি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাকিয়া শিশির।

আপনার মন্তব্য

আলোচিত