১৩ মার্চ, ২০১৭ ১৪:১৩
দুর্নীতি মামলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামানকে গ্রেপ্তার করেছে দুদক।
সোমবার (১৩ মার্চ) ভোরে দুদকের উপ-পরিচালক মোরশেদ আলমের নেতৃত্বে মিরপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বদরুজ্জামানের বিরুদ্ধে জাল নথি তৈরি করে অবৈধভাবে গণনিয়োগপ্রাপ্ত সেকশন ও টেকনিক্যাল অফিসারকে অসৎ উদ্দেশে সিলেকশান গ্রেডে স্কেল প্রদান এবং তাদের বেতন-ভাতা অন্যায়ভাবে বাড়িয়ে বিশ্ববিদ্যালয় তথা সরকারের ১ কোটি ৪ লাখ ৬৩ হাজার ৩৯৪ টাকা ক্ষতির অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ২০১২ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক তাকেসহ ১৩ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা (মামলা নং-১০৮) করেন। সম্প্রতি আদালত এ মামলা অধিকতর তদন্তের নির্দেশ দেন। আদালতের নির্দেশে অনুসন্ধানে নামে দুদক।
আপনার মন্তব্য