সিলেটটুডে ডেস্ক

১৩ মার্চ, ২০১৭ ২৩:০৬

জেএমবি নয়, হলি আর্টিজানে হামলা করেছিল আইএস : গুনারত্নে

জঙ্গিবাদ বিষয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞ রোহান গুনারত্নে বলেছেন, "হলি আর্টিজানে হামলাটি আইএস (ইসলামিক স্টেট) করেছিল; জেএমবি (জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ) নয়।"

সোমবার (১৩ মার্চ) পুলিশ প্রধানদের আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন গুনারত্নে।

ইন্টারন্যাশনাল সেন্টার ফর পলিটিক্যাল ভায়োলেন্স অ্যান্ড টেররিজম রিসার্চের (আইসিপিভিটিআর) পরিচালক অধ্যাপক গুনারত্নে বলেন, "জেএমবি কোনো বিদেশিকে এখনো মারেনি। কোনো ইটালিয়ান বা জাপানি তাদের শত্রু নয়। বাংলাদেশে আইএস আছে এটি স্বীকার করে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া উচিত।"

তবে অধ্যাপক গুনারত্নের মন্তব্যকে উড়িয়ে দিয়ে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক এক ব্রিফিংয়ে জানান, "তিনি (গুনারত্নে) পুলিশ কর্মকর্তা নন। তিনি সামরিক কর্মকর্তাও নন। তিনি কোনো নিরাপত্তা ইস্যু নিয়েও কাজ করেন না। তিনি একজন একাডেমিক; একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তাঁর একাডেমিক রিসার্চ তিনি তাঁর মতো করে করেছেন। যারা আটক হয়েছে, তারা একজনও স্বীকার করেনি যে তারা আইএস।"

গত বছরের ১ জুলাই রাতে গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় বন্দুকধারীরা। হামলার পর রাতেই তারা ২০ জনকে হত্যা করে। বন্দুকধারীদের বোমার আঘাতে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। পরদিন সকালে যৌথ বাহিনীর অভিযানে নিহত হয় পাঁচ হামলাকারী। পরে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়।

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে। সংগঠনটির মুখপত্র আমাক হামলাকারীদের ছবি প্রকাশ করে বলে জানায় জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স।

সম্মেলনের দ্বিতীয় দিনে বাংলাদেশের পক্ষ থেকে ২৫০ জন ধরা পড়া ‘জঙ্গি’র ওপর করা একটি জরিপ তুলে ধরা হয়। ওই জরিপের ফলাফলে বলা হয়, বাংলাদেশে এ পর্যন্ত ধরা পড়া ‘জঙ্গি’দের মধ্যে শতকরা ৮২ ভাগ সামাজিক যোগাযোগের মাধ্যমে জঙ্গিবাদে উদ্বুদ্ধ আর ৫৬ শতাংশই সাধারণ শিক্ষায় শিক্ষিত।

সম্মেলনে বেশ কয়েকটি দেশের পুলিশপ্রধানসহ দক্ষিণ এশিয়ার ১৪টি দেশের ৫৮ জন পুলিশ সদস্য অংশ নিচ্ছেন। দিনভর আলোচনায় দক্ষিণ এশিয়ায় অপরাধের ধরন, কীভাবে এ থেকে মুক্তি পাওয়া অথবা বড় কোনো অপরাধ দমনে দেশগুলোর ভূমিকা সামনে আসে। এ সময় প্রায় সবগুলো দেশ জঙ্গি দমন ও জঙ্গিবাদ দমনে নিজেদের অবস্থান তুলে ধরে।

আপনার মন্তব্য

আলোচিত