সিলেটটুডে ডেস্ক

১৪ মার্চ, ২০১৭ ১০:৪৫

হঠাৎ অসুস্থ খালেদা জিয়া, যাচ্ছেন না আদালতে

হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রদ্রোহ ও নাশকতার ১১ মামলায় হাজিরা দিতে পুরান ঢাকার নিম্ন আদালতে যাচ্ছেন না বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবীদ্বয় জানান, 'ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে মামলাগুলোর অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় খালেদা জিয়া আদালতে যেতে পারছেন না আজ। বিষয়টি উল্লেখ করে আদালতে সময় আবেদন করা হবে।'

মামলাগুলোর মধ্যে রাষ্ট্রদ্রোহের একটি এবং নাশকতার ১০টি মামলা রয়েছে। ‌এর মধ্যে রয়েছে রাজধানীর দারুস সালাম থানার নাশকতার আটটি, যাত্রাবাড়ী থানার নাশকতার দুটি ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা।

এর আগে ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে মঙ্গলবার (১৪ মার্চ) আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত। হাজির না হলে তার জামিন বাতিল করা হবে বলে জানানো হয়।

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে গত বছর ২৫ জানুয়ারি আদালতে রাষ্ট্রদ্রোহের মামলাটি দায়ের কর।

এদিকে যাত্রাবাড়ী থানার মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রোলবোমা হামলা হয়। এতে বাসের ২৯ যাত্রী দগ্ধ হন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ১ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান নূর আলম (৬০) নামের এক যাত্রী।

এ ঘটনায় ২০১৫ সালের ২৪ জানুয়ারি খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা করেন থানার উপ-পরিদর্শক (এসআই) কেএম নুরুজ্জামান। ওই বছরের ৬ মে খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন ডিবি পুলিশের পরিদর্শক বশির আহমেদ।

অন্যদিকে ২০১৫ সালে দারুস সালাম থানা এলাকায় নাশকতার অভিযোগে আটটি মামলা দায়ের করা হয়। এই আট মামলায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে আসামি করা হয়।

গত বছরের বিভিন্ন সময় মামলাগুলোয় অভিযোগপত্র দাখিল করে পুলিশ। সবগুলো মামলায় খালেদা জিয়াকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়। পরে খালেদা জিয়া মামলাগুলোয় আত্মসমর্পণ করে জামিন নেন।

আপনার মন্তব্য

আলোচিত