১৫ মার্চ, ২০১৭ ১৬:৩৯
বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মাহমুদুল হাসানের স্ত্রী ডা. সাবরিনা নুসরাতের চিকিৎসার জন্য এক কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৫ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে নুসরাতের পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মাহমুদুল হাসানের স্ত্রী ডা. সাবরিনা নুসরাত গত বছরের ১৯ অক্টোবর বিকেলে রাজধানীতে হোটেল রেডিসনের সামনে সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় তার মুখমণ্ডলে আঘাত লাগে। মাথা ও মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে গত ১৯ ও ২২ অক্টোবর তাঁর দু’টি নিউরোলজিক্যাল অপারেশন করা হয়। ১৯ অক্টোবর তাঁর মাথার খুলি খুলে রেখে লাইফ সাপোর্টে রাখা হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনির্ভাসিটি হাসপাতালে নেওয়া হয় নুসরাতকে। সেখানে কৃত্রিম খুলি সংযোজন করা হয়। এখন পর্যন্ত এক কোটি ৭৫ লাখ টাকা এ হাসপাতালে খরচ হয়েছে। পুরোপুরি সুস্থ হওয়ার জন্য সিঙ্গাপুর ন্যাশনাল হাসপাতালে নুসরাতকে আরও অন্তত আড়াই মাস নিবিড় পরিচর্যায় রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
এর আগে দুর্ঘটনার পরপরই আহত সাবরিনা নুসরাতের পরিবারকে ২০ লাখ টাকা অনুদান দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
আপনার মন্তব্য