১৬ মার্চ, ২০১৭ ১৪:২৪
রাজধানীর শাঁখারীবাজারে হিন্দু ধর্মাবলম্বীদের দোল উৎসবে বখাটে কর্তৃক পথচারী নারীদের জোরপূর্বক রঙ মাখিয়ে হয়রানির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করা হয়।
আটক ব্যক্তিরা হলেন আকাশ (১৯), সিফাত (২০) ও মামুন (১৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ মার্চ পুরান ঢাকার শাঁখারীবাজার এলাকায় দোল উৎসব পালিত হচ্ছিল। এক পর্যায়ে দোল খেলায় কয়েকজন বখাটে ঢুকে যায়। তারা পথচারী ও অফিসগামী লোকজনকে ধরে রঙ মাখিয়ে হেনস্তা করে। বখাটেদের আক্রমণের শিকার হন নারীরাও। এমনকি রিকশা থামিয়ে নারীদের গায়ে-মুখে রঙ লাগিয়ে দেওয়া হয়। এ সময় তাঁদের বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য ও অঙ্গভঙ্গি করে বখাটেরা।
একটি টিভি চ্যানেলের প্রতিবেদনে বখাটেদের এমন আচরণের ভিডিও ফুটেজ প্রচারিত হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় এ ঘটনায় ব্যাপক সমালোচনা হয়। দাবি ওঠে ওই বখাটেদের গ্রেপ্তার করার।
পরে এ বিষয়ে কোতোয়ালি থানায় অভিযোগ করা হলে ওই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়েছে ডিএমপির ওয়েবসাইটে।
আপনার মন্তব্য