১৮ মার্চ, ২০১৭ ১৮:১৫
রাজধানী আশকোনার হাজি ক্যাম্পের পাশে নির্মাণাধীন র্যাব সদর দপ্তরে শুক্রবার আত্মঘাতী হামলায় একজন নিহত এবং শনিবার খিলগাঁওয়ে র্যাবকে লক্ষ্য করে হামলায় আরও একজন নিহত হওয়ার ঘটনার পর এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। এসব ঘটনায় ভয়ের কিছু নাই বলেও দাবি তাঁর।
শনিবার (১৮ মার্চ) দুপুরে রাজধানীর ধানমণ্ডির সুফিয়া কামাল মহিল ক্রীড়া কমপ্লেক্সে জঙ্গিবিরোধি এক অনুষ্ঠানে এসব দাবি করেন পুলিশের এ উচ্চপদস্থ কর্মকর্তা।
আছাদুজ্জামান মিয়া বলেন, রাজধানীর আশকোনা ও খিলগাঁয়ে র্যাব সদস্যদের লক্ষ্য করে জঙ্গি হামলা বিচ্ছিন্ন ঘটনা মাত্র। এতে ভয়ের কিছু নেই। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নাগরিকদের নিরাপত্তায় সবসময় পাশে আছে।
স্মরণকালের যে কোন সময়ের চেয়ে আইন শৃংখলা পরিস্থিতি ভাল দাবি করে কমিশনার বলেন, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যখন একের পর এক সফল অভিযান চালিয়ে জঙ্গি আস্তানা গুড়িয়ে দিচ্ছে, তখনই জঙ্গিরা রাজধানীর আশকোনা ও খিলগাঁয়ে র্যাব সদস্যদের লক্ষ্য করে হামলা চায়িয়েছে।
তিনি বলেন, যেকোন ধরনের সন্ত্রাসী ও জঙ্গি হামলা মোকাবেলা করার মতো আমাদের প্রস্তুতি রয়েছে।
আছাদুজ্জামান মিয়া বলেন, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া জঙ্গি হামলাগুলোর আগাম তথ্য আমাদের কাছে ছিল। এসব ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।
ডিএমপি কমিশনার বলেন, দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই, তবে তাদের মতাদর্শী অনুসারীরা আছে। তারাই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে। ধর্মের অপপ্রচার চালিয়ে নাশকতা চালানো হচ্ছে।
আছাদুজ্জামান মিয়া বলেন, জঙ্গিদের সকল নেটওয়ার্ক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানে। জঙ্গি দমনে আমরা সফলভাবে কাজ করে যাচ্ছি। জাতীয় পর্যায়ে কাউন্টার টেররিজম ইউনিট গঠনের কাজ চলছে। জঙ্গিবাদ এখন বিশ্বের বড় সমস্যা। সে সমস্যা মোকাবিলায় আমরা প্রস্তুত আছি।
আপনার মন্তব্য