০৬ এপ্রিল, ২০১৭ ১৩:৫৫
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র হিসেবে মোসাদ্দেক হোসেন বুলবুলের স্বপদে ফিরতে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে আপিল করেছে রাষ্ট্রপক্ষ।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) সংশ্লিষ্ট শাখায় আবেদনটি জমা দেয়া হয়েছে। আজ চেম্বার বিচারপতির আদালতে এই আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে।
মেয়র পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত স্থগিতের পর গতকাল বুধবার থেকে রাসিকের মেয়র হিসেবে দায়িত্ব পালন শুরু করেন মোসাদ্দেক হোসেন বুলবুল।
এর আগে দীর্ঘ ২৩ মাস পর আদালতের রায় পেয়ে গত রোববার নগর ভবনে যান রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। সকালে নগর ভবনে গিয়ে মেয়রের কক্ষ তালাবদ্ধ পেয়ে কক্ষে প্রবেশ করতে পারেন নি মেয়র। পরে দুপুরে তালা ভাঙার পর নিজের কার্যালয়ে প্রবেশ করেন বুলবুল। তবে কার্যালয়ে প্রবেশের সাথে সাথেই ফের সাময়িক বরখাস্ত করা হয় তাকে।
২০১৫ সালের বোয়ালিয়া থানার একটি মামলায় বুলবুলের বিরুদ্ধে মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১ আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
২০১৫ সালে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সরকার বিরোধী আন্দোলন শুরু করে। ওই সময় অবরোধ-হরতাল চলাকালে মোট ১৭টি মামলার আসামি হন রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।
পুলিশ সদস্য সিদ্ধার্থ সরকার হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামি হওয়ায় ২০১৫ সালে ৭ মে সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে বুলবুলের আপিলের পর ২০১৬ সালের ১০ মার্চ উচ্চ আদালত তার বরখাস্ত আদেশ অবৈধ ঘোষণা করেন। এরপর দীর্ঘ আইনি লড়াই শেষে তিনি দায়িত্ব ফিরে পান।
আপনার মন্তব্য