সিলেটটুডে ডেস্ক

০৬ এপ্রিল, ২০১৭ ১৪:১৮

হলি আর্টিজানে হামলা : তাহমিদের রায় ১৬ এপ্রিল

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারি এন্ড রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনা তদন্তে পুলিশকে তথ্য না দেয়ায় কানাডা প্রবাসী তাহমিদ হাসিব খানের বিরুদ্ধে দায়ের করা নন প্রসিকিউশন মামলার রায় ঘোষণা করা হবে ১৬ এপ্রিল।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান রায় ঘোষণার জন্য নতুন এ দিন ধার্য করেন।

গত ২০ মার্চ রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে আদালত রায় ষোষণার জন্য আজকের দিন ধার্য করেছিলেন। কিন্তু রায় প্রস্তুত না হওয়ায় আদালত রায় ঘোষণার জন্য ১৬ এপ্রিল নতুন দিন ঠিক করেন।

গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনায় গত বছরের ২ আগস্ট রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ৫৪ ধারায় তাহমিদ হাসিব খানকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ২৮ সেপ্টেম্বর ডিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগের পরিদর্শক মো. হুমায়ুন কবীর তাহমিদের বিরুদ্ধে গুলশান হামলায় সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়ায় ৫৪ ধারায় অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেন। একই সঙ্গে সরকারি কর্মচারির নোটিশের জবাব না দেয়ায় একটি নন প্রসিকিউশন (দণ্ডবিধি ১৭৬ ধারা) মামলা করেন।

এরপর ঢাকা মহানগর হাকিম নুর নবী ৫৪ ধারা থেকে তাহমিদকে ৫ অক্টোবর অব্যাহতি প্রদান করেন।

গত বছরের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারি এন্ড রেস্তোরাঁয় হামলা চালিয়ে বিদেশী নাগরিকসহ ২২ জনকে নৃশংশভাবে হত্যা করে জঙ্গিরা। পরদিন সকালে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়। ওই ঘটনায় জড়িত সন্দেহে কানাডা প্রবাসী তাহমিদ হাসিব খান পুলিশের নজরদারিতে ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত