বেনাপোল প্রতিনিধি

০৭ এপ্রিল, ২০১৭ ২১:২৪

শনিবার চালু হচ্ছে ঢাকা-খুলনা-কলকাতা সরাসরি বাস সার্ভিস

বাংলাদেশ-ভারতের মধ্যে সৌহার্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরো জোরালো করতে শনিবার (৮ এপ্রিল) থেকে ঢাকা-খুলনা-কলকাতা রুটে সরাসরি সৌহার্দ বাস সার্ভিস চালু হচ্ছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (বিআরটিসি) পক্ষে সৌহার্দ নামের এ বাস সার্ভিসটি এবার বাংলাদেশের সর্বাধুনিক পরিবহন সংস্থা গ্রিন লাইন পরিবহন পরিচালনা করবে।

এ বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নেতৃত্বে বিভিন্ন মন্ত্রণালয় থেকে ২২ সদস্যের প্রতিনিধি দল শুক্রবার বিকেলে স্থলবন্দর বেনাপোল দিয়ে কলকাতার উদ্দেশে যাত্রা করেছেন।

বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে গ্রিন লাইনের এ বাসটি পৌঁছালে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ উর্ধ্বতন কর্মকর্তারা প্রতিনিধি দলকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব চন্দন কুমার দে।

তিনি স্থলবন্দরে সাংবাদিকদের বলেন, ভারত আমাদের পরম বন্ধু রাষ্ট্র। ১৯৭১ সালে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের সময় সর্বোচ্চ সহযোগিতা দিয়ে ভালবাসার বন্ধনে আবদ্ধ করেছে তারা। তা আমরা ভুলি কি করে? এই বাস চালুর ফলে দেশের দক্ষিণাঞ্চলের বিপুল সংখ্যক অধিবাসী উপকৃত হবেন। রোগী ও বৃদ্ধরা সরাসরি বাসে করে কলকাতায় চিকিৎসাসহ সব কাজের সুবিধা পাবেন। যাত্রীদের কাছে গ্রিন লাইনের উন্নত পরিসেবার প্রশংসা শুনেই মন্ত্রণালয় এবার বিআরটিসির পক্ষে আন্তর্জাতিক এ রুটটি গ্রিন লাইনকে পরিচালনার দায়িত্ব দিয়েছে। আশা করি, গ্রিন লাইন সে সুনাম অক্ষুন্ন রাখবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল শনিবার দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বাস সার্ভিস উদ্বোধন করবেন। কলকাতার সল্টলেক আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি এ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

আপনার মন্তব্য

আলোচিত