০৮ এপ্রিল, ২০১৭ ১১:১৭
ভারতে চার দিনের দ্বিপক্ষীয় সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজই শীর্ষ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার পর দুই দেশের মধ্যে ত্রিশটির বেশি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।
শনিবার (০৮ এপ্রিল) দুপুরে নয়া দিল্লির হায়দ্রাবাদ হাউজে দুই নেতার উপস্থিতিতে দুই সরকারের প্রতিনিধিরা এসব চুক্তিতে সই করবেন।
এর মধ্যে প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, পরমাণু বিদ্যুৎ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, স্যাটেলাইট ও মহাকাশ গবেষণা, ঋণ সহযোগিতা, বর্ডার হাট স্থাপন, কমিউনিটি ক্লিনিক স্থাপন এবং বিদ্যুৎ ও জ্বালানি ক্ষেত্রে সহযোগিতার চুক্তি ও এমওইউ থাকছে বলে বাংলাদেশ সরকারের তরফ থেকে আগেই জানানো হয়েছে। তবে এর মধ্যে তিস্তা চুক্তি যে হচ্ছে না, তা একপ্রকার নিশ্চিত হয়ে গেছে।
এদিকে আজ শনিবার (০৮ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৯টায় রাষ্ট্রপতি ভবনের অভ্যর্থনা অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি পৌঁছালে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা মঞ্চ ফোর কোর্টে নিয়ে যায় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অশ্বারোহী দল।
সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী। এসময় তিনি শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান। এরপর বাজানো হয় দু’দেশের জাতীয় সংগীত।
গার্ড অব অনার দেওয়ার পর শেখ হাসিনা পরিচিত হন মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের মন্ত্রীদের সঙ্গে।
আপনার মন্তব্য