সিলেটটুডে ডেস্ক

১৩ এপ্রিল, ২০১৭ ১২:০০

আদালতে পৌঁছেছেন খালেদা জিয়া

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া চ্যারেটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে পৌঁছেছেন খালেদা জিয়া।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে গুলশানের নিজ বাসা থেকে বের হয়ে সকাল সাড়ে ১১টার দিকে পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে পৌঁছান খালেদা জিয়া।

এখানে বিচারক কামরুল আহসান মোল্লার আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা এবং আবু আহমেদ জমাদারের আদালতে জিয়া চ্যারেটেবল ট্রাস্ট মামলার কার্যক্রম চলছে।  

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া জানিয়েছেন, এ দুই আদালতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদোক)।

২০১০ সালের ৫ আগস্ট খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপ-পরিচালক হারুন আর রশিদ।
২০১৪ সালের ১৯ মার্চ খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।

মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেন, মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী (পলাতক) ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান (পলাতক)।

আপনার মন্তব্য

আলোচিত