সিলেটটুডে ডেস্ক

১৫ এপ্রিল, ২০১৭ ০২:০৫

নববর্ষে প্রধানমন্ত্রীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত

প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে বর্ষবরণের আয়োজন। গান গাইছেন দেশবরেণ্য শিল্পীরা। মঞ্চে উপস্থিত সরকারপ্রধান। শিল্পীদের সঙ্গে তিনিও গেয়ে উঠলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গান ‘আন্দলোকে মঙ্গল আলোকে বিরাজ সত্য সুন্দর।’

 শুক্রবার গণভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।

সারা বছর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ করে যাওয়া প্রধানমন্ত্রী উৎসব-পার্বণে হয়ে যান অন্য রকম। আনন্দ করতে তিনি কখনও পিছপা হন না। এর আগেও এমনটি দেখা গেছে। বাংলা বর্ষবরণ অনুষ্ঠানেও প্রফুল্ল প্রধানমন্ত্রীকে দেখছেন দলের নেতা-কর্মীরা।   

সকাল ১০টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা যান গণভবনে। তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলীয় সভাপতিকে।

বর্ষবরণ উপলক্ষে গণভবনে তৈরি করা হয় বেশ বড় আকারের মঞ্চ। সেখানে দলীয় সভাপতির সঙ্গে ছবি তোলেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

শুভেচ্ছা বিনিময় শেষে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ আর গানে নতুন বছরকে স্বাগত জানান শিল্পীরা। শুরুতেই হাওয়া হয় বৈশাখকে আহ্বান জানিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গান ‘এসো হে বৈশাখ এসো এসো’। গানটি পরিবেশন করেন শিল্পী সুবির নন্দী, লাইলি ইসলাম, শামা রহমানসহ অন্যরা।

পরে অতিথিরা উপভোগ করেন লোক সঙ্গীত, বাউল গান, দেশাত্ববোধক গান, ভাওয়াইয়া গান, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল, হাসান রাজা ও রজনীকান্তের গান।

অনুষ্ঠানটি শেষ হয় ‘আনন্দলোকে মঙ্গলালোকে…’ গান দিয়ে।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে হয় খাওয়াদাওয়া। মুড়ি মুড়কি, নানা জাতের মিষ্টান্ন আর দই দিয়ে রসনা বিলাস চলে সেখানে।

আপনার মন্তব্য

আলোচিত