১৬ এপ্রিল, ২০১৭ ১৮:৫০
জঙ্গিবাদ ধর্মীয় কারণে হচ্ছে না, এটা স্পষ্ট বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকের।
রোববার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সে সাম্প্রতিককালে দেশব্যাপী জঙ্গি দমন অভিযানে নিহত ও আহত পুলিশ সদস্যদের পরিবারকে সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আইজিপি এ কথা বলেন।
উক্ত অনুষ্ঠানে আইজিপি আরো বলেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে হীনস্বার্থ চরিতার্থ করাই হচ্ছে জঙ্গিদের লক্ষ্য। এ দেশের মানুষ ধর্মপ্রাণ, কিন্তু ধর্মান্ধ নয়। তাই পবিত্র কোরআন-হাদিসের মনগড়া ব্যাখ্যা দিয়ে দেশের চিরায়ত শক্তি, স্থিতিশীলতা ও বন্ধুত্বপূর্ণ সহাবস্থান নষ্ট করা কখনই সম্ভব না।
তিনি তার বক্তব্যে আরো বলেন, বাংলাদেশ সফরে আসা পবিত্র কাবা শরিফের খতিব শায়েখ ড. মোহাম্মাদ বিন নায়েব আল খোয়াজ্জিম ও মসজিদে নববির খতিব ড. আবদুল মহসিন বিন মোহাম্মাদ আল কাশেম বাংলাদেশ সফরে এসে সোহরাওয়ার্দী উদ্যানে লাখো আলেমের সম্মেলনে দ্ব্যর্থহীনভাবেই এ ঘোষণা দিয়েছেন যে ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই। তাই দেশি-বিদেশি প্রখ্যাত আলেম-ওলামাদের সুস্পষ্ট অবস্থানে বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত, ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই।
আপনার মন্তব্য