সিলেটটুডে ডেস্ক

২৩ এপ্রিল, ২০১৭ ২১:৪৯

আরও ১১ ব্র্যান্ডের করোনারি স্টেন্টের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ

আরও ১১টি ব্র্যান্ডের করোনারি স্টেন্ট বা হার্টের রিংয়ের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) নির্ধারণ করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

রোববার অধিদপ্তরে অনুষ্ঠিত সভায় ও বিষয়ে সিদ্ধান্ত হয়। এ নিয়ে মোট ৩৭টি ব্র্যান্ডের এমআরপি ঠিক করল অধিদপ্তর।

রোববারের সভায় অধিদপ্তরের মহাপরিচালকসহ উচ্চপদস্থ কর্মকর্তা, দাম নির্ধারণ বিশেষজ্ঞ কমিটির সদস্য এবং স্টেন্ট আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভা শেষে বিশেষজ্ঞ কমিটির সদস্য এবং জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. আফজালুর রহমান বলেন, ‘আমাদের দেশে স্টেন্ট তৈরি হয় না। সবই আমদানি করা হয়। রাষ্ট্রীয় বিধি অনুয়ায়ী স্টেন্টের দাম ঠিক করা হয়েছ।’

তিনি বলেন, সোমবার থেকে হৃদ্‌রোগ ইনস্টিটিউটে স্টেন্টের এমআরপি টাঙিয়ে দেওয়া হবে।

অধিদপ্তর সূত্র জানিয়েছে, দেশের ২১টি আমদানিকারক প্রতিষ্ঠান হৃদ্‌রোগীদের জন্য এই জীবনদায়ী চিকিৎসাসামগ্রী আমদানি করে। অধিদপ্তরে ৪৭ ব্র্যান্ডের স্টেন্টের নিবন্ধন রয়েছে। তবে নিবন্ধন থাকলেও সব ব্র্যান্ড আমদানি হচ্ছে না। গত সপ্তাহে অধিদপ্তর ২৬টি ব্র্যান্ডের স্টেন্টের এমআরপি ঠিক করেছিল। এখন থেকে প্রতিটি স্টেন্টের মোড়কে এমআরপি, নিবন্ধন নম্বর ও মেয়াদ লেখা থাকতে হবে।

অভিযোগ আছে, একই স্টেন্টের দাম রোগীদের কাছ থেকে হাসপাতালভেদে কমবেশি নেওয়া হয়। স্টেন্টের দাম জানার সুযোগ রোগীদের কম। এ নিয়ে নানা অনিয়মেরও অভিযোগ ছিল।

অধিদপ্তর এমআরপি নির্ধারণের উদ্যোগ নেওয়ার পর গত সপ্তাহে গণমাধ্যমে স্টেন্টের সর্বোচ্চ ও সর্বনিম্ন দাম নিয়ে সংবাদ ছাপা হলে ব্যবসায়ীরা ১৯ এপ্রিল কয়েকটি সরকারি হাসপাতালে স্টেন্ট সরবরাহ বন্ধ রাখেন। এর ফলে ওই দিন বেশ কয়েকজন রোগীর চিকিৎসা হয়নি।

আপনার মন্তব্য

আলোচিত