সিলেটটুডে ডেস্ক

২৪ এপ্রিল, ২০১৭ ১৮:৪১

শেভরনের গ্যাসক্ষেত্র কিনে নিলো চীনা কোম্পানি

একের পর এক লোকসানে পড়ে বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম তেল-গ্যাস কোম্পানি শেভরন।

চীনের হিমালয় এনার্জির কাছে সম্পদ বিক্রির চুক্তিও এরইমধ্যে চূড়ান্ত করেছে শেভরন। তবে কত টাকায় শেভরনের সম্পদ বিক্রি হচ্ছে তা জানা যায়নি।  বাংলাদেশের তিনটি গ্যাসক্ষেত্রে বিনিয়োগ রয়েছে শেভরনের। ক্ষেত্রগুলো থেকে উত্তোলিত গ্যাসের একটি অংশের মালিক তারা, যা সরকার নির্ধারিত মূল্যে কিনে নেয়।

সোমবার (২৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শেভরন কর্পোরেশন বাংলাদেশে তাদের সব সম্পদ বিক্রি করে দেওয়ার বিষয়ে হিমালয় এনার্জির সঙ্গে চুক্তিতে পৌঁছেছে।

গত দুই বছরে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম পড়ে যাওয়ায় লোকসান সামাল দিতে শেভরন বাংলাদেশের তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছে বলে বেশ কিছুদিন ধরেই খবর আসছিল সংবাদমাধ্যমে।  এর মধ্যে গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রভিত্তিক এই কোম্পানি জানায়, ২০১৭ সালে প্রায় হাজার কোটি ডলারের সম্পদ তারা বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছে।

গত বছর মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ-এর এক প্রতিবেদনে বলা হয়, ক্যালিফোর্নিয়াভিত্তিক কোম্পানি সান র‌্যামন শেভরনের গ্যাসসম্পদ বিক্রিতে সহযোগিতা করছে। ২০১৭ সালের মধ্যে তারা বিভিন্ন দেশে থাকা শেভরনের এক হাজার কোটি ডলার মূল্যের সম্পদ বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছে। ব্লুমবার্গ-এর দাবি অনুযায়ী, ওই বিভিন্ন দেশের মধ্যে বাংলাদেশও রয়েছে।

প্রতিবেদনে ওই সংবাদমাধ্যম জানায়,গত এক দশকের মধ্যে জ্বালানি তেলের দরপতনের ফলে তেল-গ্যাস কোম্পানিগুলো এ বছর তাদের ৫০ বিলিয়ন ডলারের সম্পদ বিক্রির ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের তেল-গ্যাস কোম্পানিগুলোর মধ্যে ইক্সন মবিল কর্পোরেশনের পর সবচেয়ে বড় কোম্পানি শেভরন।

তেলের দরপতনের ফলে চলতি বছরের জুলাইয়ে সবচেয়ে বড় আর্থিক সংকটে পড়ে শেভরন। ২০০১ সালের পর এর আগে এমন লোকসানের মুখে পড়তে হয়নি কোম্পানিটিকে।

আর্থিক সংকট কাটাতে শেভরন বাংলাদেশে থাকা তাদের প্রায় ২০০ কোটি (দুই বিলিয়ন) ডলার মূল্যের গ্যাসসম্পদ বিক্রি করার উদ্যোগ নিয়েছে।  ভারত ও চীনের কিছু তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান তা কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করে। অবশেষে চীনের হিমালয় এনার্জি কোম্পানি চূড়ান্ত হলো।

আপনার মন্তব্য

আলোচিত