২৬ এপ্রিল, ২০১৭ ১৪:৩১
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার সমালোচনা করেছেন আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক। সাম্প্রতিক কিছু উদাহরণ টেনে প্রধান বিচারপতি ‘এত কথা’ বলছেন বলে মন্ত্রীর অভিযোগ।
বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী আনিসুল হক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার সাম্প্রতিক কিছু বক্তব্যের সমালোচনা করে বলেন, প্রধান বিচারপতির মনে কোনো ক্ষোভ থাকলে সরকারের সঙ্গে আলোচনা করতে পারেন।
আইনমন্ত্রী বলেন, ‘প্রতিবেশীসহ বিশ্বের কোনো দেশের প্রধান বিচারপতি জনসমক্ষে (পাবলিকলি) এত কথা বলেন না। প্রধান বিচারপতিরা বিচার বা আইন-সংশ্লিষ্ট বিষয়াদি ছাড়া অন্য বিষয় নিয়েও কথা বলেন না।’
‘যদি প্রধান বিচারপতির মনে কোনো ক্ষোভ থাকে, বিচার বিভাগ নিয়ে কোনো কথা থাকে, তাহলে তিনি সরকারের সঙ্গে আলোচনা করতে পারেন’, যোগ করেন আইনমন্ত্রী।
গত সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহা একটি অনুষ্ঠানে বলেন, ‘প্রশাসন চায় না বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক।’ এর পর গতকাল আরেকটি অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন, ‘দেশে শুধু অর্থনৈতিক উন্নয়নই যথেষ্ট নয়, সুশাসনও দরকার।’
আজকের সংবাদ সম্মেলনে প্রধান বিচারপতির গত দুদিনের বক্তব্য উল্লেখ করে সাংবাদিকরা আইনমন্ত্রীর কাছে জানতে চান, আসলে এই বিরোধের কারণ কী? জবাবে আনিসুল হক এসব কথা বলেন।
আপনার মন্তব্য