সিলেটটুডে ডেস্ক

২৬ এপ্রিল, ২০১৭ ১৫:৩৫

২৫তম বারের মতো পেছাল অভিজিৎ হত্যার তদন্ত প্রতিবেদন

লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পিছিয়েছে। এ নিয়ে ২৫ বার তারিখ পেছাল। আগামী ৩০ মে নতুন করে প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (২৬ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম গোলাম নবী এ দিন ধার্য করেন।

বুধবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক ফজলুর রহমান প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা মহানগর হাকিম গোলাম নবী ৩০ মে নতুন দিন নির্ধারণ করেন।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি সস্ত্রীক বই মেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় টিএসসির সামনে জঙ্গিদের হামলার শিকার হন অভিজিৎ ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। হামলায় ঘটনাস্থলেই নিহত হন অভিজিৎ। গুরুতর আহত হন বন্যা।

ওই ঘটনায় অভিজিতের বাবা অধ্যাপক ড. অজয় রায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আপনার মন্তব্য

আলোচিত