২৬ এপ্রিল, ২০১৭ ২২:৩১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে ‘অপারেশন ঈগল হান্ট’ স্থগিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এই অভিযান শুরুর প্রায় সোয়া দুই ঘণ্টা পর তা স্থগিত ঘোষণা করা হয়। বৃহস্পতিবার ভোরে আবার অভিযান শুরু হবে।
অভিযান স্থগিতের বিষয়টি নিশ্চিত করে সিটিটিসি ইউনিটের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আবদুল মান্নান বলেন, "সন্ধ্যার দিকে সোয়াট সদস্যরা অপারেশন শুরু করেন। এর পরই বাড়ির ভেতর থেকে চার-পাঁচটি গ্রেনেড চার্জ করা হয়েছে। ধারনা করছি- ভেতরে বিস্ফোরক আছে। রাতে আমরা অভিযানটি স্থগিত করেছি।"
জঙ্গি আস্তানা সন্দেহে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর থেকে পুলিশ, কাউন্টার টেররিজম ইউনিট ও র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই বাড়িটি ঘিরে রাখেন। পরে সন্ধ্যায় ঢাকা থেকে সোয়াট এসে পৌঁছলে শুরু হয় মূল অভিযান। সন্ধ্যার পর সেখানে টানা গুলির শব্দ শোনা যায়।
কাউন্টার টেররিজম ইউনিট জানিয়েছে, আবু নামে এক জঙ্গি পরিবারসহ ওই বাড়িতে অবস্থান করছে বলে তাদের ধারণা। কয়েক মাস আগে আবু ওই বাড়িটি ভাড়া নিয়ে থাকতে পারে।
এর আগে চককীর্তি এলাকার শিবনগর ও ত্রিমোহনী গ্রামে ১৪৪ ধারা জারি করা হয়। দুপুরে ওই বাড়িটি ঘিরে দুই শতাধিক পুলিশ মোতায়েন করা হয়। সকাল থেকেই থেমে থেমে বাড়ির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এসময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে।
অভিযানে নেতৃত্ব দিচ্ছেন কাউন্টার টেররিজম ইউনিটের সহকারী কমিশনার মোঃ তৌহিদুল ইসলাম। ওই বাড়িতে কী পরিমাণ বিস্ফোরক বা গোলাবারুদ আছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
আপনার মন্তব্য