সিলেটটুডে ডেস্ক

২৭ এপ্রিল, ২০১৭ ১৩:২০

শিবগঞ্জের জঙ্গি আস্তানায় চলছে গোলাগুলি, আত্মসমর্পনের আহ্বান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর ঘিরে থাকা জঙ্গি আস্তানায় দ্বিতীয় দিনের মতো চলছে 'অপারেশন ঈগল হান্ট'। আস্তানার ভেতরে বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গিরা। সকাল থেকে সেখানে চলছে থেমে থেমে গুলি। পুলিশের পক্ষ থেকে হ্যান্ডমাইকে আত্মসমর্পনের আহ্বান জানানো হচ্ছে জঙ্গিদের।

বুধবার (২৭ এপ্রিল) রাতে অভিযান স্থগিত থাকার পর বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় আবারো অভিযান শুরু হয়।

জঙ্গিদের আত্মসমপর্ণের সুযোগ দিতে বেলা ১২টা থেকে হ্যান্ডমাইকে বলা হচ্ছে- 'আপনারা আত্মসমর্পন করুন, বেরিয়ে আসুন'। কয়েকবার এ ঘোষণা দেওয়া হয়। কিন্তু ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি।

অভিযানে অংশ নিচ্ছে পুলিশ, র‍্যাব ও সোয়াট। আজ সেখানে পৌঁছেছে বোম্ব ডিস্পোজাল ইউনিট ও ক্রাইম সিন।

ওই আস্তানায় আবু নামে এক জঙ্গি, তার স্ত্রী ও এক সন্তান রয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত হয়েছে। এছাড়া আরো দুইজন থাকতে পারে বলে পুলিশের ধারণা।

জঙ্গি আস্তানা সন্দেহে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর থেকে পুলিশ, কাউন্টার টেররিজম ইউনিট ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই বাড়িটি ঘিরে রাখেন। সন্ধ্যায় সোয়াট ঘটনাস্থলে আসার পর শুরু হয় মূল অভিযান। প্রায় সোয়া ২ ঘন্টা অভিযান চলার পর বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান স্থগিত করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত