২৭ এপ্রিল, ২০১৭ ২১:২০
গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক আন্তর্জাতিক সূচক ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্সে বাংলাদেশের অবনমন হয়েছে। ২০১৭ সালের প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ১৪৬, আগের বছরে যা ছিল ১৪৪তম।
গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা ফ্রান্সভিত্তিক সংগঠন রিপোর্টার্স স্যানস ফ্রন্টিয়ার্স বা রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) এই সূচক প্রকাশ করেছে।
সূচকে সংবাদপত্রের স্বাধীনতায় শীর্ষ দেশের স্থান পেয়েছে নরওয়ে। শীর্ষ পাঁচের অন্য দেশগুলো হলো সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক ও নেদারল্যান্ডস।
সূচকে বৃটেনের স্থান ৪০তম ও যুক্তরাষ্ট্রের স্থান ৪৩তম।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সূচকে এগিয়ে রয়েছে ভুটান, তাদের অবস্থান ৮৪তম। এ ছাড়া নেপালের অবস্থান ১০০তম, আফগানিস্তানের ১২০তম, ভারতের ১৩৬তম, শ্রীলঙ্কার ১৪১তম ও পাকিস্তানের ১৩৯তম।
২০০২ সাল থেকে আরএসএফ এই সূচক প্রকাশ করে আসছে।
বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে আরএসএফের সূচকে। এতে বলা হয়েছে, বাংলাদেশে সংবিধান বা রাষ্ট্রধর্ম ইসলামকে নিয়ে সমালোচনাকে ভালো চোখে দেখা হয় না। এসব বিষয়ে যেসব সাংবাদিক বা ব্লগার সেন্সর করেননি, তাদের আজীবন কারাবরণ বা মৃত্যুদণ্ডের মতো ঝুঁকিতে থাকতে হয়। স্পষ্টবাদী ধর্মনিরপেক্ষ ব্যক্তিরাও ইসলামপন্থী জঙ্গিদের লক্ষ্যে পরিণত হয়েছেন। তবে এর বাইরে কম সংবেদনশীল ইস্যুগুলোতে দেশটির গণমাধ্যম বহুমুখী ও যথেষ্টই স্পষ্টবাদী। প্রতিবেদনে বলা হয়েছে, সরকার মিডিয়া ও সমালোচকদের প্রতি কঠিন আচরণ করছে, বেশ কিছু ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে।
আপনার মন্তব্য