সিলেটটুডে ডেস্ক

২৮ এপ্রিল, ২০১৭ ১৪:২৯

শিবগঞ্জের জঙ্গি আস্তানা থেকে চার জঙ্গির লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবনগরে জঙ্গি আস্তানা থেকে চার জঙ্গির লাশ দুটি অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে দেখা গেছে।  তারা সবাই আত্মঘাতী বলে জানা গেছে।

শুক্রবার (২৮ এপ্রিল) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে অ্যাম্বুলেন্স দুটি বের হতে দেখা যায়। লাশগুলো চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হচ্ছে।

সোয়াটের অভিযান শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে চারজনের লাশ মেলে, যারা নিজেদের ঘটানো বিস্ফোরণে মারা যান বলে পুলিশ জানায়।

শুক্রবার দুপুরে তাদের লাশ উদ্ধার করা হলেও এ ঘটনায় এখনও মামলাও হয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়ারেস আলী মিয়া বলেন, “চারজনের মধ্যে শুধু আবুর লাশ অক্ষত আছে। অন্য তিনজনের দেহ ক্ষতবিক্ষত হওয়ায় তাদের চেনা যায়নি। তবে তাদের ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

তিনি আরো জানান, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের একটি দল পুরো বাড়িতে তল্লাশি চালাচ্ছে। বাড়িটি চারদিক থেকে এখনো ঘিরে রেখেছে পুলিশ।

এদিকে, বৃহস্পতিবার জঙ্গি আস্তানা থেকে জীবিত উদ্ধার করা আবুর স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা সুমাইয়া খাতুনকে  ও মেয়ে সাজিদাকে। তাদেরকে উদ্ধারের পর চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া  হয়। পরে সুমাইয়া খাতুনকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার রাত ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

বর্তমানে সুমাইয়া হাসপাতালের ১৩ নম্বর কেবিনে চিকিৎসাধীন। ওয়ার্ড থেকে রাত আড়াইটার পর তাকে ওই কেবিনে নেয়া হয়। এনিয়ে ওই কেবিনের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

রামেক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার বাম পায়ে আঘাত আছে। এটি গুলির আঘাত। সুমাইয়াকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, জঙ্গি আস্তানা সন্দেহে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর এলাকার একটি বাড়ি বুধবার (২৬ এপ্রিল) ঘিরে রাখে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা। বিকালে ঢাকা থেকে সোয়াট টিম পৌঁছানোর পর শুরু হয় অভিযান। এরপর বৃহস্পতিবার অভিযান চলাকালে সন্ধ্যায় আত্মঘাতী হয় চার জঙ্গি।

আপনার মন্তব্য

আলোচিত