সিলেটটুডে ডেস্ক

৩০ এপ্রিল, ২০১৭ ১৫:২৮

রোজায় নিত্যপণ্যের দাম বাড়াবেন না ব্যবসায়ীরা

আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের দাম না বাড়ানোর অঙ্গীকার করেছেন ব্যবসায়ীরা।

রোববার (৩০ এপ্রিল) দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে সভা শেষে ব্যবসায়ী নেতারা এ ঘোষণা দেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দুই ঘণ্টাব্যাপী এ সভায় সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, এস আলম গ্রুপের প্রতিনিধিসহ বিভিন্ন বণিক সমিতির নেতারা অংশ নেন। এ ছাড়া ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি), সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

এর আগে বাণিজ্যমন্ত্রী দেশের মানুষের আর্থসামাজিক অবস্থা বিচার-বিশ্লেষণ করে ও সরকারের মজুদের কথা উল্লেখ করে রমজানে নিত্যপণ্যের দাম না বাড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান।

সভার শুরুতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, রমজানে উৎপাদক, আমদানিকারক, পরিশোধক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন। চাল, আটা, চিনি, ভোজ্যতেল, ডাল, পেঁয়াজ, রসুন, আদা, ছোলা, খেজুর, হলুদ ইত্যাদির বাজার স্বাভাবিক রাখা জরুরি। বাজার স্বাভাবিক রাখার জন্য ব্যবসায়ীদের সহযোগিতা দরকার।

পরে ব্যবসায়ী নেতারা ঘোষণা দেন, রমজানে তাঁরা নিত্যপণ্যের দাম বাড়াবেন না। তবে এ জন্য সরকারের সহযোগিতা প্রয়োজন। বিভিন্ন সময় দাম বাড়ার জন্য সরকারের বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতা ও অসহযোগিতাকে দায়ী করেন ব্যবসায়ী নেতারা।

ব্যবসায়ীদের অভিযোগের জবাবে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ব্যবসায়ীদের দাবি-দাওয়া পূরণ করা হবে। বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হবে। এ ছাড়া ব্যবসায়ীরা রমজানে পণ্যের দাম না বাড়ালে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের বিশেষভাবে পুরস্কৃত করা হবে। বর্তমানে যে বাজারমূল্য, তা স্বাভাবিক দাবি করে রমজান মাসে এ অবস্থা বজায় থাকবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

আপনার মন্তব্য

আলোচিত