সিলেটটুডে ডেস্ক

০৪ মে, ২০১৭ ০৮:৩৭

এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ

ফাইল ছবি

এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের (দাখিল ও এসএসসি-ভোকেশনাল) পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (৪ মে) প্রকাশ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তার করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় শিক্ষামন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, অধিদফতরের ডিজি, সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ উপস্থিত থাকবেন।

এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হবে ৪ মে। পূর্বের ধারাবাহিকতায়, সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেওয়ার পর দুপুর ১২টায় সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের তথ্যউপাত্য তুলে ধরবেন। এরপর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে, মোবাইল ফোনে এসএমএস এবং স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ফল জানা যাবে।

এবার ২ ফেব্রুয়ারি শুরু হয়ে এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ২ মার্চ পর্যন্ত। এ ছাড়া ব্যবহারিক পরীক্ষা ৪ মার্চ শুরু হয়ে শেষ হয় ১১ মার্চ।

এ বছর ১০টি শিক্ষা বোর্ডের অধীনে ৩ হাজার ২৩৬টি কেন্দ্রে ২৮ হাজার ৩৪৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯ লাখ ১০ হাজার ৫০১ জন ও ছাত্রী ৮ লাখ ৭৬ হাজার ১১২ জন। নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৬ লাখ ৭ হাজার ১২৪ জন। এ ছাড়া অনিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৭৬ হাজার ১৯৮ জন এবং বিশেষ পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৪৫ হাজার ২৯৮ জন।

আপনার মন্তব্য

আলোচিত