০৯ মে, ২০১৭ ২৩:৫৮
বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম ও প্রধান ধর্মীয় উৎসব গৌতম বৌদ্ধের জন্মোৎসব শুভ বৌদ্ধ পূর্ণিমা আজ (বুধবার)। যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশের বৌদ্ধ সম্প্রদায় এই উৎসব উদযাপন করবে।
বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ সরকারি ছুটি। বৌদ্ধপ্রধান দেশসহ বাংলাদেশ এবং বিশ্বের সব বৌদ্ধ ধর্মানুসারীরা উৎসব উদযাপন করবেন নানা আয়োজনে।
বৌদ্ধধর্ম মতে, এখন থেকে দুই হাজার ৫৬০ বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তার জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে হয়েছিল বলে এর নাম বৌদ্ধ পূর্ণিমা।
গৌতম বুদ্ধের অনুসারীরা এই দিনে যেমন আনন্দ করেন, তেমনি বুদ্ধের মহাপ্রয়ানের কথা স্মরণ করে প্রার্থনা করেন এবং তাঁর প্রচারিত বাণী সবার মধ্যে ছড়িয়ে দেয়ার চেষ্টা করে।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস, গৌতম বৌদ্ধ বিশ্বের মানুষের দুঃখ-বেদনাকে নিজের দুঃখ বলে হৃদয় দিয়ে উপলব্ধি করেন। মানব জীবনের দুঃখ তার দৃষ্টিগোচর হলে তিনি সম্পদ, ঐশ্বর্য তথা সংসার জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েন এবং জন্ম, জরা, ব্যাধি ও মৃত্যু- এ চারটির কারণ উদঘাটন এবং মানুষের শান্তি ও মুক্তির লক্ষ্যে নিমগ্ন হন। এক সময় রাজপ্রাসাদের বিত্ত-বৈভব, সুখ ও স্বজনের মায়া ত্যাগ করে সিদ্ধি লাভের পন্থা অন্বেষণে তিনি বেরিয়ে পড়েন অজানার পথে। দীর্ঘ সময় সাধনার পর গৌতম বোধিপ্রাপ্ত হন।
দেশের অন্যান্য স্থানের মতো সিলেটেও নানা আয়োজনে উদযাপিত হবে শুভ বৌদ্ধ পূর্ণিমা। দিবসটি উপলক্ষে সিলেট নগরীর আখালিয়া নয়াবাজারস্থ ব্রাহ্মণশাসন বৌদ্ধ বিহারে দিনব্যাপী থাকছে নানা আয়োজন। এর মধ্যে আছে সকাল সাড়ে ৭টায় ধর্মীয় জাতীয় পতাকা উত্তোলন, ৯টায় বুদ্ধ পূজা উৎসর্গ, সংঘদান, অটটপরিক্খার দান, বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা ও ধর্মদেশনা। এরপর সাড়ে ১১টায় ভিক্ষু সংঘের পিণ্ডদান ও দুপুর ১২টায় থাকবে মধ্যাহ্ন ভোজ।
দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। আর সন্ধ্যা ৭টায় প্রদীপ পূজা ও সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হবে।
আপনার মন্তব্য