১২ মে, ২০১৭ ১১:৫৫
রাজধানীর বনানীতে দুই বিশ্ববিদ্যালয়ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার শাফাত আহমেদ ও সাদমান সাকিফকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
শুক্রবার সকালে তাদেরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার রাতে সিলেটের পাঠানটুলা থেকে গ্রেপ্তার করে করে পুলিশ সদর দপ্তরের একটি বিশেষ দল।
ডিবি কার্যালয় থেকে শাফাত ও সাদমানকে আজ (শুক্রবার) ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে নেওয়া হতে পারে।
ডিবির উপকমিশনার (উত্তর) শেখ নাজমুল আলম বলেন, সিলেটে গ্রেপ্তার হওয়া শাফাত ও সাদমানকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। আজ যেকোনো সময় তাদের আদালতে নেওয়া হতে পারে। শাফাত ও সাদমানকে কখন আদালতে নেওয়া হবে এবং জিজ্ঞাসাবাদের জন্য কত দিনের রিমান্ডের আবেদন করা হবে, এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান শেখ নাজমুল আলম।
গত ৬ মে বনানী থানায় পাঁচজনকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেন ধর্ষণের শিকার হওয়া একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। মামলার এজাহারে উল্লেখ করা হয়, এক পরিচিত ব্যক্তির জন্মদিনের পার্টিতে অংশ নিতে গিয়ে ধর্ষণের শিকার হন তারা। বনানীর রেইনট্রি হোটেলের দুটি কক্ষে আটকে রেখে তাদের ধর্ষণ করা হয়।
মামলার এক আসামি শাফাত আহমেদ, যার বাবা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ। অন্য আসামিরা হলেন নাঈম আশরাফ, সাদমান সাকিফ, শাফাতের গাড়িচালক বিল্লাল ও তার দেহরক্ষী আবুল কালাম আজাদ।
দুই বিশ্ববিদ্যালয়ছাত্রী ধর্ষণের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। বুধবার রাতে এক বিবৃতিতে তিনি বলেন, বনানী থানার পুলিশ প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় ৬ মে নিয়মিত মামলা নেয়।
আপনার মন্তব্য