সিলেটটুডে ডেস্ক

১৬ মে, ২০১৭ ১৩:৪৮

ধর্ষণের ভিডিও ধারণের কথা স্বীকার করেছে গাড়িচালক বিল্লাল

রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের ভিডিও ধারণের কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে শাফাত আহমেদের গাড়িচালক বিল্লাল হোসেন (২৭)।

বিল্লালকে জিজ্ঞাসাবাদের পর এ কথা জানান র‌্যাব-১০ এর অধিনায়ক মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর।

এর আগে সোমবার (১৫ মে) সোমবার সন্ধ্যার পর আধা ঘণ্টার ব্যবধানে শাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন এবং দেহরক্ষী রহমত আলীকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর ওয়ারীর নবাবপুরের দি নিউ ঢাকা বোর্ডিং আবাসিক হোটেল থেকে বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করে র‌্যাব-১০ এর একটি দল।

বিল্লাল রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার দুই তরুণীর দায়ের করা মামলার পাঁচ নম্বর আসামি।

বিল্লালের বরাত দিয়ে র‌্যাব-১০ এর অধিনায়ক মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানান, বনানী থানায় ভিকটিমরা মামলা করার পর বিষয়টি আসামিরা অনলাইনে জানতে পারে। তখন আসামি শাফাত, সাদমান সাকিফ, সাফাতের দেহরক্ষী আজাদ ওরফে রহমত আলী সহ গাড়ি নিয়ে চালক বিল্লাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের দিকে যায়। সেখানে তারা একটি হোটেলে খাওয়া-দাওয়া করার পর গাজীপুর হয়ে মাওনা দিয়ে সিলেটে চলে যায়।

তিনি জানান, শাফাত ও সাদমান সাকিফ সিলেটে শাফাতের নানাবাড়িতে থাকে। আর শাফাতের দেহরক্ষী আজাদ ও গাড়িচালক বিল্লাল একটি রিসোর্টে ওঠে। পরবর্তীতে দেহরক্ষী আজাদ রিসোর্ট থেকে চলে যায়। বিল্লাল নিজেও সিলেট থেকে ছাতক চলে যায়। সে ছাতক থেকে আবার সিলেট ও সিলেট থেকে রোববার ভোরে ঢাকায় আসে। এরপর নবাবপুরের ওই হোটেলে সে সুজান নামে উঠে। সেখান থেকে সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১০ এর অধিনায়ক বলেন, সেদিন রেইনট্রি হোটেলে কী ঘটেছিল তার বিস্তারিত বর্ণনা দিয়েছে বিল্লাল। সে ভিকটিমদের গাড়িতে আনা-নেওয়ার কথা স্বীকার করেছে। সে সবাইকে বিভিন্ন জায়গা থেকে হোটেলে এনে ভোর রাত ৪টার দিকে শাফাতদের বাড়িতে গাড়ি রেখে ফের রেইনট্রি হোটেলে ফিরে আসে। এরপর শাফাত তাকে হোটেল কক্ষে যেতে বলে। বিল্লাল কক্ষে যাওয়ার পর শাফাত তাকে কক্ষের বাথরুমে যেখানে ফলস পার্টিশন দেওয়া, সেখানে দাঁড় করিয়ে রাখে। সেখান থেকে ধর্ষণের ঘটনাটি সে ভিডিও করে। পরে সকালে একটি ভাড়া করা মাইক্রোবাসে করে দুই তরুণীকে বাসায় পাঠায় শাফাত।

তিনি জানান, ঘটনার সবকিছু প্রাথমিকভাবে স্বীকার করেছে গাড়িচালক বিল্লাল। আমরা আসামিকে তদন্তকারী সংস্থার কাছে হস্তান্তর করবো।

প্রসঙ্গত, গত ২৮ মার্চ রাতে রাজধানীর বনানীর 'দি রেইনট্রি' নামক একটি হোটেলে পূর্ব পরিচিত শাফাত আহমেদের জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে রাতভর ধর্ষণের শিকার হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী। ওই ঘটনায় গত শনিবার আপন জুয়েলার্সের অন্যতম কর্ণধার দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদ ও রেগনাম গ্রুপের পরিচালক সাদমান সাকিফসহ পাঁচজনকে আসামী করে মামলা দায়ের করা হয়। গত বৃহস্পতিবার রাতে সিলেট থেকে গ্রেপ্তার করা হয় আসামি শাফাত ও সাকিফকে। তারা বর্তমানে পুলিশ রিমাণ্ডে আছেন।

আপনার মন্তব্য

আলোচিত