১৭ মে, ২০১৭ ২০:২১
আপন জুয়েলার্সে গচ্ছিত রাখা সোনা আগামী সোমবার প্রয়োজনীয় রশিদ দেখিয়ে তুলে নেওয়ার জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়েছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।
বুধবার (১৭ মে) আপন জুয়েলার্সের তিন মালিককে জিজ্ঞাসাবাদ শেষে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ এই আহ্বান জানান।
শুল্ক গোয়েন্দা সংস্থার মহাপরিচালকের পক্ষে উপপরিচালক এইচ এম শরিফুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আপন জুয়েলার্সের সিলগালা করা শাখাগুলোতে যেসব গ্রাহকের স্বর্ণালংকারসহ অন্যান্য অলংকার যা রিপেয়ারিং বা এক্সচেঞ্জের জন্য গচ্ছিত রাখা হয়েছে, তা জনস্বার্থে আগামী সোমবার রশিদ দেখিয়ে গ্রাহকরা তুলে নিতে পারবেন। সোমবার বেলা ২ টায় প্রতিটি শাখা থেকে স্বর্ণালংকার বা অন্যান্য অলংকার অক্ষত অবস্থায় গ্রাহকদের ফেরত দেওয়া হবে। এ বিষয়ে আপন জুয়েলার্স তাদের গ্রাহকদের প্রয়োজনীয় নির্দেশনা দেবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শাখাগুলোর যেসব লকারে আপন জুয়েলার্সের গুরুত্বপূর্ণ কাগজ রয়েছে, যা তাদের আইনি সহায়তার জন্য প্রয়োজন হবে, তা মালিকদের উপস্থিতিতে ১৮ মে হস্তান্তর করা হবে। তা সংগ্রহ করার জন্যও মালিক পক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। কাগজপত্র ও দলিলাদি সংগ্রহের পর ২৩ মে মালিক পক্ষকে শুল্কগোয়েন্দাদের শুনানিতে অংশ নেওয়ার জন্যও বলা হয়েছে।
এর আগে বুধবার দুপুরে আপন জুয়েলার্সের তিন মালিককে শুল্ক গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বুধবার বেলা ১২টার দিকে কাকরাইলস্থ আইডিবি ভবনে শুল্ক গোয়েন্দা কার্যালয়ে হাজির হন আপন জুয়েলার্সের মালিক তিন ভাই দিলদার আহমেদ, গুলজার আহমেদ ও আজাদ আহমেদ।
গত ১৪ ও ১৫ মে আপন জুয়েলার্সের গুলশান, উত্তরা, মৌচাক ও সীমান্ত স্কোয়ারের শাখায় অভিযান চালিয়ে ১৩.৫ মণ স্বর্ণালংকার ও ৪২৭ গ্রাম ডায়মন্ড ব্যাখ্যাহীনভাবে মজুদ রাখার দায়ে সাময়িক আটক করে শুল্ক গোয়েন্দা। এগুলো সিলগালা করে তাদের হেফাজতে দেওয়া হয়।
আপনার মন্তব্য