সিলেটটুডে ডেস্ক

১৮ মে, ২০১৭ ১৬:৪৬

নাঈম আশরাফ ৭ দিনের রিমান্ডে

বনানী দুই শিক্ষার্থী ধর্ষণের মামলায় সর্বশেষ গ্রেপ্তার হওয়া আসামি এইচ এম হালিম ওরফে নাঈম আশরাফকে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে আদালতের কাছে পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে দুপুরে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ বিভাগ) কৃষ্ণ পদ রায় জানান, ধর্ষণের দায়ে গ্রেপ্তারকৃত সবশেষ আসামি নাঈম আশরাফকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে।

গত ২৮ মার্চ রাতে রাজধানীর বনানীর 'দি রেইনট্রি' নামক একটি হোটেলে পূর্ব পরিচিত শাফাত আহমেদের জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে রাতভর ধর্ষণের শিকার হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী। ওই ঘটনায় গত শনিবার আপন জুয়েলার্সের অন্যতম কর্ণধার দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদ ও রেগনাম গ্রুপের পরিচালক সাদমান সাকিফসহ পাঁচজনকে আসামী করে মামলা দায়ের করা হয়। গত বৃহস্পতিবার রাতে সিলেট থেকে গ্রেপ্তার করা হয় আসামি শাফাত ও সাকিফকে। এরপর সোমবার সন্ধ্যায় ঢাকা থেকে গ্রেপ্তার হন শাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী আজাদ ওরফে রহমত আলী। আর সর্বশেষ গতকাল বুধবার রাতে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় ধর্ষণ মামলার অন্যতম আসামি নাঈম আশরাফকে।

আপনার মন্তব্য

আলোচিত