২০ মে, ২০১৭ ১২:৪৭
তল্লাশী শেষে কোন কিছু না পেয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয় ছেড়েছে পুলিশ।
শনিবার (২০ মে) প্রায় ২ ঘন্টার তল্লাশী শেষে সকাল সাড়ে নয়টার দিকে কার্যালয় ত্যাগ করে পুলিশ।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশী শেষ হয়েছে। তবে সেখান থেকে কোন কিছুই পাওয়া যায়নি।
তল্লাশীর কারণ সম্পর্কে ওসি বলেন, আমাদের কাছে ওয়ারেন্ট রয়েছে। নাশকতার সরঞ্জাম রয়েছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ওই কার্যালয়ে অভিযান শুরু করে পুলিশ। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, সকাল থেকে ওই কার্যালয়ের আশপাশে অতিরিক্ত পুলিশ অবস্থান নেয়। পরে ভেতরে ঢুকে তল্লাশি অভিযান শুরু করে তারা।
তিনি দাবি করেন, কেন পুলিশ এসেছে, সে বিষয়ে কিছু পুলিশের পক্ষ থেকে তাদের কিছু জানানো হয়নি।
তল্লাশি শেষে কার্যালয় থেকে বেরিয়ে এসে রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসনকে মানসকিভাবে হয়রানি করতেই এই তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ। ভেতরে কিছু পাওয়া যায়নি।
তিনি বলেন, অজ্ঞাতনামা এক ব্যক্তির সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে ম্যাজিস্ট্রেটকে দিয়ে সার্চ ওয়ারেন্ট করিয়ে কার্যালয়ে তল্লাশি চালানো হয়েছে। এটি খালেদা জিয়াকে অপমানিত ও বিপর্যস্ত করার কঠিন ও পাতানো ষড়যন্ত্রের অংশ।
আপনার মন্তব্য