সিলেটটুডে ডেস্ক

২০ মে, ২০১৭ ১৩:৫৪

ধর্ষিতাদের ছবি প্রকাশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মো. আব্দুল বাতেন বলেছেন, বনানীতে ধর্ষণের শিকার দুই ছাত্রীর ছবি যারা প্রকাশ করছে, তাদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২০ মে) বেলা পৌনে ১২ টায় ডিএমপির মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

আব্দুল বাতেন বলেন, বিষয়টি সাইবার ক্রাইম বিভাগকে অবহিত করা হবে। ধর্ষণ মামলার অন্যতম অভিযুক্ত নাঈমের রিমান্ড চলছে। সাফাত ও সাকিফ আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে।

তিনি বলেন, আজ (শনিবার) ধর্ষকদের সহযোগী ড্রাইভার বিল্লাল ও দেহরক্ষী রহমতকে আদালতে প্রেরণ করা হবে। তারাও দোষ স্বীকার করতে সম্মত হয়েছেন।

গত ২৮ মার্চ রাতে রাজধানীর বনানীর 'দি রেইনট্রি' নামক একটি হোটেলে পূর্ব পরিচিত শাফাত আহমেদের জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে রাতভর ধর্ষণের শিকার হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী। ওই ঘটনায় গত শনিবার আপন জুয়েলার্সের অন্যতম কর্ণধার দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদ ও রেগনাম গ্রুপের পরিচালক সাদমান সাকিফসহ পাঁচজনকে আসামী করে মামলা দায়ের করা হয়। গত বৃহস্পতিবার রাতে সিলেট থেকে গ্রেপ্তার করা হয় আসামি শাফাত ও সাকিফকে। এরপর সোমবার সন্ধ্যায় ঢাকা থেকে গ্রেপ্তার হন শাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী আজাদ ওরফে রহমত আলী। আর সর্বশেষ বুধবার রাতে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় ধর্ষণ মামলার অন্যতম আসামি নাঈম আশরাফকে।

আপনার মন্তব্য

আলোচিত