সিলেটটুডে ডেস্ক

২৮ মে, ২০১৭ ১৩:০৫

‘ভাস্কর্য এখানে বসানো আর জঙ্গলে বসানো একই কথা’

ন্যায়বিচারের প্রতীক ভাস্কর্যটি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে অপসারণের দুদিনের মাথায় আবার সুপ্রিম কোর্টেরই আরেকটি স্থানে পুনঃস্থাপিত করা হয়েছে। আগে সেটি ছিল সুপ্রিম কোর্টের ফটকের সামনে, এখন সেটি বসানো হয়েছে সর্বোচ্চ আদালতের অ্যানেক্স ভবনের সামনে।

ভাস্কর্য প্রতিস্থাপনের বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে এর ভাস্কর মৃণাল হক বলেছেন, "এখানে বসানো যে কথা, জঙ্গলে বসানো একই কথা। এটার কোনো রিটার্ন নেই। এই ভাস্কর্যটির উপযুক্ত জায়গা ছিল সুপ্রিম কোর্টের সামনেই।"

শনিবার (২৭ মে) রাত ১১টা থেকে ভাস্কর্যটি পুনঃস্থাপনের কাজ শুরু হয়ে ১টার দিকে শেষ হয় বলে গণমাধ্যমকে জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে হঠাৎ করেই ভাস্কর্যটি অপসারণ করা হয়। এ নিয়ে বিভিন্ন সংগঠনের প্রতিবাদ, সংঘর্ষ, গ্রেপ্তার ও নানা আলোচনা-সমালোচনার পর এটি প্রতিস্থাপন করা হলো।

গত ফেব্রুয়ারি থেকে সুপ্রিম কোর্টের সামনে ‘গ্রিক দেবীর মূর্তি’ স্থাপন করা হয়েছে—এমন দাবি করে এর অপসারণের দাবি করে আসছিল হেফাজতে ইসলামসহ ধর্মভিত্তিক নানা সংগঠন। এ বছরের রমজানের আগে ভাস্কর্য অপসারণের সময়সীমাও দিয়েছিল ওই সব সংগঠন।

আপনার মন্তব্য

আলোচিত