০১ আগস্ট, ২০১৭ ১২:৪১
‘আপনারা প্রধান বিচারপতি ও কোর্টের স্বাধীনতা খর্ব করতে করতে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন, আমরা কি কিছুই বলতে পারবো না? আমরা কি কোর্টে বসে মন্তব্য করতে পারবো না?’, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে উদ্দেশ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা এমনটাই বলেছেন।
মঙ্গলবার (১ আগস্ট) নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিয়ে মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত আপিল শুনানিতে প্রধান বিচারপতির নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চে এ মন্তব্য করা হয়।
সাম্প্রতিক সময়ে আদালতের মন্তব্য সম্পর্কে আইনমন্ত্রী আনিসুল হকের বিভিন্ন মন্তব্যের প্রেক্ষিতে আদালত এমন মন্তব্য করলেন। গত সোমবার আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার যেখানে আলোচনার মধ্য দিয়ে সবকিছুর সমাধান করছে, সেখানে প্রধান বিচারপতি এজলাসে উঠে বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন। আমার দুর্ভাগ্য, সকল অনুষ্ঠানেই আমার পরে তিনি বক্তব্য দেন। তার অভিযোগগুলো খণ্ডানোর সুযোগ আমার আসে না।'
আদালত বলেন, ‘আপনারা জাজদের (বিচারকদের) মধ্যে ডিভিশন সৃষ্টি করতে চাচ্ছেন। আমরা কি কোর্টে বসে মন্তব্য করতে পারবো না? ‘কিছু কিছু মন্ত্রী এজলাসে বসে কথা বলার বিষয়ে মন্তব্য করেন। এটা কি ফেয়ার? আপনাকে প্রশ্ন করছি।’
তখন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন,‘দুই দিক থেকে বক্তব্য আসে। বক্তব্য মিডিয়া লুফে নেয়।’
প্রধান বিচারপতি জবাবে বলেন, ‘আপনি কেন এ কথা বলছেন? বিচারে আমরা পলিটিক্যাল মন্তব্য দেই না। বিচার বিভাগ সংক্রান্ত বক্তব্য দেই। বিচার বিভাগে যখন যে ইস্যু চলে আসে। যেমন আজকে (মঙ্গলবার) মোবাইল কোর্ট সম্পর্কে না বললে কী থাকলো। আমরা পলিটিক্যাল কথা বলছি না।’
এ সময় বিচারপতি মো. আবদুল ওয়াহাব মিঞা বলেন, ‘শৃঙ্খলা বিধির খসড়ায় গেজেট প্রকাশের বিষয়টি আমরা সুপ্রিম কোর্টের কথা অনুসারে বলেছিলাম। কিন্তু আপনারা সেখানে সরকারের কথা বলেছেন।’
এরপর প্রধান বিচারপতি বলেন, ‘পলিটিক্যাল কথা বলছি না। মি. অ্যাটর্নি জেনারেল, আপনারা জাজদের মধ্যে ডিভিশন সৃষ্টি করতে চাচ্ছেন। পত্রিকায় এসেছে একজন, একজন বলেছেন। কোর্ট প্রসিডিং-এ আদালতের কার্যক্রমে যা হয়, তা নিয়ে পার্লামেন্ট এবং পাবলিকলি কথা বলার সুযোগ নেই।’
প্রধান বিচারপতি আরও বলেন, ‘মাসদার হোসেন মামলার ১১৬ অনুচ্ছেদ এবং ১১৬ অনুচ্ছেদের ‘ক’ এর ব্যাখ্যা দিয়ে ওই মামলার রায় হয়েছে। এখন যদি আপনাদের কাছ থেকে ব্যাখ্যা শুনতে হয় তাহলে দুঃখজনক। ’
উল্লেখ্য, বিচার বিভাগের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলাবিধি-সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, তা সুপ্রিম কোর্ট নিয়ে নিতে চান বলে এক অনুষ্ঠানে মন্তব্য করেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘তারা (সুপ্রিম কোর্ট) সংশোধন করে যেটা দিয়েছিলেন,সেখানে দেখা গেছে, ১১৬ অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, সেটা তারা নিয়ে নিতে চান। আমি কী করে সেটা দেই?’
সোমবার (৩১ জুলাই) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আয়োজিত সম্মেলন প্রস্তুতি কমিটির পরিচিতি সভায় আইনমন্ত্রী এ মন্তব্য করেন।
আপনার মন্তব্য