০৮ আগস্ট, ২০১৭ ১২:০১
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় কলেজছাত্র রাজন মিয়া (২৪) হত্যার দায়ে ১২ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের স্পেশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওয়াহেদুজ্জামান শিকদার এ রায় দেন।
আদালতে রায় ঘোষণার সময় আট আসামি আদালতে উপস্থিত ছিলেন। তারা হলেন- সাইদুল, মমিন, নিজাম, আবু বকর, হানু, বাবু, সিরাজ, ওহাব। অন্যরা পলাতক রয়েছেন, পলাতকরা হলেন- মজিদ, আবদুল মজিদ, মজনু ও নুরুল ইসলাম।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মুলতান উদ্দিন জানান, ২০১৪ সালের ১৩ এপ্রিল রাতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রাজনের বাসায় হামলা করে সাইদুলের নেতৃত্বে ওই ১২ জন। এসময় রাজনকে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।
পরে এ ঘটনায় রাজনের বাবা লাল মিয়া সরকার ভূঞাপুর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দিলেন।
আপনার মন্তব্য