সিলেটটুডে ডেস্ক

১৭ আগস্ট, ২০১৭ ২০:৫৪

‘জঙ্গি’ সাইফুলের বাবাসহ দুজন কারাগারে

রাজধানীর পান্থপথে একটি হোটেলে জঙ্গিবিরোধী অভিযানের সময় নিহত সাইফুল ইসলামের বাবা আবুল খায়ের মোল্লাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) খুলনায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুসরাত জাবিন এ নির্দেশ দেন।

একই সঙ্গে আদালত আবদুল্লাহ বিন মোসাদ্দেক সামি নামে এক ব্যক্তিকেও কারাগারে পাঠিয়েছেন। ওই দুই ব্যক্তিকে একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। উভয়কে আদালতে হাজির করে পুলিশ সাতদিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে আদালত রিমান্ড নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আগামী ২৮ আগস্ট মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন সাংবাদিকদের জানান, ‘আবদুল্লাহ বিন মোসাদ্দেক সামি ইসলামী ছাত্রশিবিরের একজন নেতা। সামিই সাইফুলকে ঢাকা পাঠিয়েছিলেন। তাঁর নামে এরই মধ্যে এই থানায় নাশকতার মামলা হয়েছে।’

গত ১৫ আগস্ট রাজধানীর পান্থপথে একটি হোটেলে জঙ্গি অভিযানে নিহত হন সাইফুল। পুলিশ জানায়, সাইফুল আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন। নিহত সাইফুল একজন জঙ্গি। ঘটনার দিন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বলেন, ‘ধানমণ্ডির ৩২ নম্বরকে টার্গেট করে জঙ্গিরা জাতীয় শোক দিবসের মিছিলে হামলার পরিকল্পনা করছিল।’

নিহত সাইফুল খুলনার ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের নওকাটি গ্রামের বাসিন্দা। ওই দিনই সাইফুলের বাবা আবুল খায়ের মোল্লাকে আটক করে পুলিশ। পুলিশ সুপার (এসপি) নিজাম উদ্দিন মোল্লা জানান, নিহত সাইফুল সম্পর্কে তথ্য জানতে খায়েরকে আটক করা হয়। পরে তিনি জানান, সাইফুলের বাবা খায়ের সাহস ইউনিয়ন জামায়াতে ইসলামীর কোষাধ্যক্ষ ও নওকাটি জামে মসজিদের ইমাম।

এসপি নিজাম বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, ওই ঘটনায় আবদুল্লাহ ব্নি মোসাদ্দেক সামি নামে একজনকে আটক করা হয়। তিনি আরো জানান, সামি ইসলামী ছাত্রশিবিরের একজন নেতা।

গত মঙ্গলবার সকালে নওকাটি গ্রাম থেকে আবুল খায়েরকে আটক করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত