সিলেটটুডে ডেস্ক

২০ আগস্ট, ২০১৭ ১৭:৩৯

ইসির ভোটার নিবন্ধন শুরু

ভোটার হওয়ার যোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহ করার পর কেন্দ্রে কেন্দ্রে নিবন্ধন কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির রোববার (২০ আগস্ট) থেকে শুরু হওয়া এ কার্যক্রম তিনধাপে আগামী ৫ নভেম্বর পর্যন্ত চলবে।

গত ২৫ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত তথ্য সংগ্রহ শেষে ২০ আগস্ট নিবন্ধন কেন্দ্রে কম্পিউটার ডাটা এন্ট্রি কাজ রোববার থেকে শুরু হয়েছে। প্রথম ধাপে ১৮৩টি উপজেলায় ২২ দিনে, দ্বিতীয় ধাপে ২১৬ টি উপজেলায় ২৮ দিনে, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলায় ২১ দিনে নিবন্ধন কাজ সম্পন্ন করা হবে বলে ইসির সহকারী সচিব মো. মোশাররফ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দাবি-আপত্তি-নিষ্পত্তি শেষে ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন।

এবার ২০১৮ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর বা তার বেশি হচ্ছে তাদের ভোটার করা হয়েছে হালনাগাদে। বর্তমানে ১০ কোটি ১৮ লাখেরও বেশি ভোটার রয়েছে তালিকায়।

আপনার মন্তব্য

আলোচিত