সিলেটটুডে ডেস্ক

২১ আগস্ট, ২০১৭ ১২:৫৫

দ্বিতীয় দিনের মতো উত্তর-দক্ষিণাঞ্চলের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

টাঙ্গাইলের কালিহাতীতে পৌংলী রেলসেতু এপ্রোচ অংশের মাটি সরে যাওয়ায় দ্বিতীয় দিনের মতো উত্তর-দক্ষিণাঞ্চলের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

মেরামতের পর সোমবার বিকাল নাগাদ দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

রোববার (২০ আগস্ট) সকালে ৯৮ নম্বর সেতুটির এপ্রোচ অংশের মাটি সরে যাওয়ায় রাজধানী ঢাকার সাথে ওই দুই অঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সেসময় স্থানীয়দের বুদ্ধিমত্তায় বড় ধরণের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী নীল সাগর এক্সপ্রেস ট্রেন।

ঘটনার পর থেকে রেল চলাচল স্বাভাবিক করতে কাজ করছে কর্তৃপক্ষ।  রেলকর্মীদের পাশাপাশি রোববার রাতে রেললাইন সংস্কার কাজে যোগ দেয় টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি দল।

রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী রমজান আলী জানান, ক্ষতিগ্রস্ত রেলপথে কাজ দ্রুত এগিয়ে চলছে। সব ঠিক থাকলে সোমবার দুপুর ২ টার মধ্যে রেল চলাচল স্বাভাবিক হতে পারে।

রেলসেতুটির দক্ষিণপ্রান্তে নীচ থেকে ছয় থেকে সাত ফুট মাটি পানির তোড়ে ধসে গেছে। এ কারণে ওই সেতুর উপর দিয়ে ট্রেন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

আপনার মন্তব্য

আলোচিত