সিলেটটুডে ডেস্ক

২১ আগস্ট, ২০১৭ ২০:১৭

ভেজাল প্যারাসিটামলে ২৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্যসচিবকে হাইকোর্টে তলব

ভেজাল প্যারাসিটামল খেয়ে ২৮ শিশুমৃত্যুর ঘটনায় করা মামলায় স্বাস্থ্যসচিব সিরাজুল হককে তলব করেছেন হাইকোর্ট।

এ ঘটনায় ওষুধ প্রশাসনের দুই কর্মকর্তার অদক্ষতা ও অযোগ্যতার বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা না নেয়ায় তাকে ২৩ আগস্ট আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এ-সংক্রান্ত এক প্রতিবেদনের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ সোমবার (২১ আগস্ট) এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।

ওষুধ প্রশাসনের ওই দুই কর্মকর্তা হলেন সহকারী পরিচালক শফিকুল ইসলাম ও উপপরিচালক আলতাফ হোসেন।

মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, আদালতের রায় অনুযায়ী ওষুধ প্রশাসনের ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা ৭২ ঘণ্টার মধ্যে জানতে চেয়েছিলেন হাইকোর্ট। এরপর স্বাস্থ্যসচিবের পক্ষে সোমবার একটি প্রতিবেদন দেওয়া হয়। তাতে বলা হয়, ওই দুই কর্মকর্তাকে সতর্ক করা হয়েছে।

মনজিল মোরসেদ বলেন, রায়ে আদালত জানতে চেয়েছিলেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যবস্থা না নেওয়ায় ব্যাখ্যা দিতে স্বাস্থ্যসচিবকে ২৩ আগস্ট তলব করেছেন হাইকোর্ট।

প্রসঙ্গত, ২০০৯ সালে রিড ফার্মার ভেজাল প্যারাসিটামল সিরাপ খেয়ে সারা দেশে ২৮ শিশু মারা যায়। এ ঘটনায় ওষুধ প্রশাসন অধিদপ্তরের পক্ষ থেকে পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার বিচার শেষে গত বছরের ২৮ নভেম্বর পাঁচজনকে খালাস দেন বিচারিক আদালত।

ওই রায়ের পর্যবেক্ষণে বিচারিক আদালত বলেছিলেন, ওষুধ প্রশাসন অধিদপ্তর মামলাটি করার ক্ষেত্রে ১৯৮০ সালের ড্রাগ আইন যথাযথভাবে অনুসরণ করেনি।

মামলায় যথাযথভাবে আলামত জব্দ করা, তা রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো  এবং রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন আসামিদের দেওয়া হয়নি। এ ক্ষেত্রে ড্রাগ আইনের ২৩, ২৫ ধারা প্রতিপালন করে যথাযথ ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তৎকালীন ওষুধ তত্ত্বাবধায়ক শফিকুল ইসলাম ও আলতাফ হোসেন চরম অবহেলা, অযোগ্যতা ও অদক্ষতার পরিচয় দিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত