সিলেটটুডে ডেস্ক

২২ আগস্ট, ২০১৭ ০৮:২৯

ভারতের শিলিগুড়ি থেকে ২২ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত

ভারতের  শিলিগুড়ি থেকে ২২ হাজার টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ডিজেল আমদানি করতে ব্যয় হবে ৮৩ কোটি ৫০ লাখ টাকা।

ভারত থেকে ডিজেল আমদানির প্রস্তাবটি অনুমোদনের জন্য কাল বুধবার (২৩ আগস্ট) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠকে উত্থাপন করা হচ্ছে বলে জানা গেছে।

জানা গেছে, ভারতের শিলিগুড়ি মার্কেটিং টার্মিনাল থেকে পার্বতীপুর ডিপোতে রেলপথে ট্যাংক ওয়াগনের মাধ্যমে ৫০০ পিপিএম মাত্রায় এই ডিজেল আমদানি করা হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নুমালীগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) বাংলাদেশে ডিজেল রফতানিতে আগ্রহ প্রকাশ করে। এরই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে প্রাথমিক পর্যায়ে গত বছরের মার্চে রেলপথ ট্যাংক ওয়াগনের মাধ্যমে দুই হাজার ২৬৮ টন ডিজেল পার্বতীপুর ডিপোতে গ্রহণ করা হয়।

পরে আঞ্চলিক সহযোগিতা আরো বৃদ্ধি ও সুদৃঢ় করার লক্ষ্যে রেলপথে ট্যাংক ওয়াগনের মাধ্যমে ২০১৬ সালের ডিসেম্বর দুই হাজার ২০০ টন এবং ২০১৭ সালের মার্চে দুই হাজার ২০০ টন ডিজেল আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

জ্বালানি মন্ত্রণালয় সূত্র জানায়, চলতি বছর ৭ মার্চ ভারতের গৌহাটিতে এনআরএল ও বিপিসির প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শিলিগুড়ি-রাধিকাপুর-বিরল-পার্বতীপুর রুটে রেলপথে ট্যাংক ওয়াগনের মাধ্যমে এনআরএলের শিলিগুড়ি টার্মিনাল থেকে চলতি বছরের এপ্রিল-জুন সময়ে প্রতি মাসে দুই হাজার ২০০ টনের ২টি করে র‌্যাক আমদানির সিদ্ধান্ত হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিপিসি কর্তৃক চলতি বছরের ২৩ মার্চ জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে ডিজেল আমদানির প্রস্তাব পাঠানো হয়। তখন বিপিসিকে জানানো হয় বিপিসি ও এনআরএলের মাধ্যমে ৭ মার্চে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় সভার সম্মত ও স্বাক্ষরিত কার্যবিবরণী অনুযায়ী ২০১৭ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত প্রতি মাসে একটি করে এবং জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতি মাসে ২টি করে (প্রতিটিতে দুই হাজার ২০০ টন) ট্যাংক ওয়াগন র‌্যাক এনআরএল থেকে ডিজেল আমদানি করা হবে। তা ছাড়া ২০১৮ সালের জানুয়ারি থেকে প্রক্রিয়ায় সরবরাহ অব্যাহত রাখার লক্ষ্যে বিপিসির চাহিদানুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে বর্ধিত সংখ্যক র্যাক আমদানি করা হবে এবং এ বিষয়ে ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে এই র্যাক আমদানি চূড়ান্ত করা হবে অর্থাৎ ২০১৭ সালের এপ্রিল থেকে পাইপলাইন নির্মাণের আগে পর্যন্ত এনআরএল থেকে অব্যাহতভাবে রেলপথে মাসভিত্তিক ডিজেল আমদানি করা হবে। তাই বিদ্যমান জি-টু-জি সরবরাহকারীদের কাছ থেকে নেগোসিয়েশনের মাধ্যমে প্রিমিয়াম নির্ধারণের বর্তমান পদ্ধতি অনুসরণ করা বাঞ্ছনীয়।

এ ছাড়া বিপিসির প্রস্তাবের মাধ্যমে আমদানিযোগ্য ডিজেল রেলপথে ভিন্ন রুটে (শিলিগুড়ি থেকে রাধিকাপুর-বিরল হয়ে পার্বতীপুর) আনা হবে; যার দূরত্ব আগের থেকে কম এবং বর্তমান জি-টু-জি সরবরাহকারীদের ক্ষেত্রে বিপিসিকে ইনস্যুরেন্স বাবদ আলাদাভাবে কোনো অর্থ দিতে হয় না। এসব বিষয় বিবেচনা করে এনআরএলের সাথে নেগোসিয়েশন করে আমদানিতব্য ডিজেলের প্রিমিয়াম পুনর্নির্ধারণ করে সংশোধিত প্রস্তাব প্রেরণের জন্য বিপিসিকে চিঠি দেয়া হয়।

বিসিসি সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল প্রিমিয়াম নেগোসিয়েশনের জন্য এনআরএলকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়। দিল্লিতে অনুষ্ঠিত দুই দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে এনআরএল থেকে ডিজেল আমদানির ক্ষেত্রে প্রতি ব্যারেলে প্রিমিয়াম নির্ধারিত হয়। পাইপলাইন শুভেচ্ছা সূচক হিসেবে ট্যাংক ওয়াগনের মাধ্যমে আমদানি অব্যাহত রাখার বিষয়ে ভারতের প্রস্তাবে সম্মতি জানানো হয়। শিলিগুড়ি থেকে পার্বতীপুর পর্যন্ত রেল ভাড়া এনআরএল বহন করবে। সে অনুযায়ী বিপিসি ও এনআরএলের মধ্যে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেডিউর (এসওপি) স্বাক্ষরিত হয়েছে উল্লেখ করে এনআরএল ফের প্রিমিয়াম নেগোসিয়েশনে অসম্মতি জানায়।

উল্লেখ্য, এনআরএল থেকে বাংলাদেশে পাইপ লাইনের মাধ্যমে ডিজেল আমদানির বিষয়ে ২০১৫ সালের ২০ এপ্রিল বিপিসি ও এনআরএলের মধ্যে ঢাকায় সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অনুমোদনের প্রেক্ষিতে এনআরএল ২০১৬ সালের ১৯ মার্চ প্রথম পার্সেল মিন অব প্লাটস আরব গালফ (এমওপিএজি) + প্রতি ব্যারেলের প্রিমিয়াম ৭ ডলার এবং ২০১৭ সালের ১৬ জানুয়ারি দ্বিতীয় এবং ৮ এপ্রিল তৃতীয় পার্সেল এমওপিএজি + প্রতি ব্যারেলের প্রিমিয়াম ৫ দশমিক ৫ ডলার প্রিমিয়ামে বিপিসিতে র‍্যাক পাঠানো হয়।

এসওপি অনুযায়ী এনআরএল থেকে ৫০০ পিপিএম মানমাত্রার ২২ হাজার টন ডিজেল আমদানির ক্ষেত্রে প্রিমিয়াম ৫ দশমিক ৫ ডলার করার সুপারিশ করে বিপিসি। তাদের সুপারিশের ভিত্তিতে শিলিগুড়ি থেকে ডিজেল আমদানির একটি প্রস্তাব আগামীকাল ২৩ আগস্ট সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ সূত্রে জানা গেছে।

আপনার মন্তব্য

আলোচিত