নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট, ২০১৭ ২৩:০৮

চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ: ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’র নিন্দা

বগুড়া থেকে ময়মনসিংহ আসার পথে চলন্ত বাসে এক তরুণীকে দলবদ্ধভাবে ধর্ষণের পর হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিশিষ্ট নাগরিকদের সংগঠন ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’।

এ ঘটনাসহ সাম্প্রতিককালে দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতনের ঘটনা ভয়াবহভাবে বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’। একের পর এক এ ধরনের ভয়াবহ নির্যাতনের ঘটনা আমাদের ক্ষয়িষ্ণু নৈতিকতা ও মানসিকতার প্রমাণ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়, এ ধরনের অন্যায়ের যথাযথ বিচার না হওয়া এবং অপরাধীরা উপযুক্ত শাস্তি না পাওয়ায় বেপরোয়া হয়ে উঠছে। এর আগেও গণপরিবহনে ধর্ষণের অনেকগুলো ঘটনা ঘটেছে। হাতে গোনা দু’একটি ছাড়া কোন ঘটনারই উপযুক্ত বিচার হয়নি।
বিশিষ্ট নাগরিকগণ আরও বলেন, এসব ঘটনার পর বিচ্ছিন্ন কিছু প্রতিবাদ হয়েছে কিন্তু দিনাজপুরে ইয়াসমিন ধর্ষণ ও হত্যার পর যেমন প্রতিবাদের জোয়ার উঠেছিল তেমনটি দেখা যায়নি। আমরা উপলব্ধি করছি যে, রাষ্ট্র ও প্রশাসন এ ধরনের ঘটনায় যথাযথ পদক্ষেপ নিচ্ছেনা। নাগরিক সমাজের পক্ষ থেকেও কাঙ্ক্ষিত প্রতিক্রিয়া দৃশ্যমান না হওয়ায় আমরা বিক্ষুব্ধ।

"আমরা সরকারের প্রতি দাবি জানাই, এধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে অপরাধীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে, গণপরিবহনে নারীর নিরাপত্তা রক্ষার্থে অন্যান্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের নাগরিকদের স্মরণে রাখতে হবে যে- অপরাধীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে এবং নারীর বিরুদ্ধে সহিংসতা রোধে ব্যাপক গণআন্দোলন গড়ে তোলার কোন বিকল্প নেই।"

বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন সুলতানা কামাল, অধ্যাপক আনিসুজ্জামান, ড. সারোয়ার আলী, রাশেদা কে চৌধুরী, আবেদ খান, শাহীন আনাম, জিয়াউদ্দীন তারেক আলী, অধ্যাপক এম এম আকাশ ও রামেন্দু মজুমদার।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে শিক্ষক নিবন্ধন পরীক্ষা শেষে এক তরুণী বগুড়া থেকে ছোঁয়া পরিবহনের একটি বাসে করে তার কর্মস্থল ময়মনসিংহ ফিরছিলেন। পথে সিরাজগঞ্জে বাসের অন্য যাত্রীরা নেমে গেলে বাসের চালক ও সহযোগীরা মেয়েটিকে ধর্ষণ করে এবং পরে তাকে হত্যা করে রাস্তার পাশে ফেলে চলে যায়। পরের দিন মেয়েটির লাশ উদ্ধার করে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয় এবং পত্রিকায় লাশ উদ্ধারের খবর দেখে পরিবারের লোকজন তাকে শনাক্ত করতে পারে। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কারণে পুলিশ ইতোমধ্যে বাসচালকসহ পাঁচজনকে আটক করেছে। তাদের মধ্যে তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত